Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ আগস্ট ২০২৬

বাহরাইনে বেসরকারি খাতের কর্মীদের যাতায়াত ভাতার প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৫:৪৬

বাহরাইনে বেসরকারি খাতের কর্মীদের যাতায়াত ভাতার প্রস্তাব

বাহরাইন

বাহরাইনে বেসরকারি খাতের কর্মীদের যাতায়াত ভাতার প্রস্তাব

বাহরাইনে বেসরকারি খাতের কর্মীদের জন্য কর্মস্থলে যাতায়াতে ভাতার প্রস্তাব করা হয়েছে। দেশটির সংসদে এক প্রস্তাবে ১৫ বাহরাইনি দিনার পরিবহন ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। সংসদ সদস্য জালাল কাধেম বেসরকারি খাতের শ্রম আইন সংশোধনের এই প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটিতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান কর্মীদের কর্মস্থলে যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা না দিলে, সেই কর্মীকে মাসে অন্তত ১৫ দিনার পরিবহন ভাতা দিতে হবে। তবে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন থাকলে ভাতা দিতে হবে না। কাধেমের মতে, জ্বালানি ও যাতায়াত ব্যয় বাড়লেও বেসরকারি খাতের অনেক কর্মীর বেতন বছরের পর বছর তেমন বাড়েনি, ফলে পরিবারের ব্যয়ের ওপর চাপ বাড়ছে। এই ভাতা চালু হলে কর্মীদের মৌলিক বেতনের ওপর চাপ কিছুটা কমবে এবং জীবনযাত্রার বাড়তি ব্যয় মোকাবিলায় সহায়তা করবে। তিনি আরো বলেন, সরকারি খাতের কর্মীরা বর্তমানে কমপক্ষে ২০ দিনার পরিবহন ভাতা পান; তাই বেসরকারি ও সরকারি চাকরির সুযোগ-সুবিধার ব্যবধান কমাতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত সংশোধনীতে কর্মীদের পরিবহন দেওয়ার ক্ষেত্রে নিয়োগকর্তাদের বর্তমান দায়িত্ব বহাল থাকবে এবং যারা পরিবহন সুবিধা পাবেন না, শুধু তাদের জন্য ১৫ দিনারের ভাতা প্রযোজ্য হবে। তবে এই ভাতা প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য হবে কিনা, তা নিশ্চিত নয়। 

সৌদি আরব

সৌদিতে ৯টি স্থানে মোবাইল ভেন্ডর গাড়ি রাখা নিষিদ্ধ

সৌদি আরবে নিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জন্য নির্ধারিত স্থানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ৯টি স্থানে মোবাইল ভেন্ডরদের পণ্য বেচাকেনা নিষিদ্ধ করেছে দেশটির পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-রাসাসমেহ জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সড়কের মোড় বা ইন্টারসেকশন, সড়কের মাঝের ডিভাইডার, প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিং, প্রধান সড়কের প্রবেশ ও বের হওয়ার পথ, ট্রাফিক সিগন্যালের আশপাশ, সাধারণ পার্কিং এলাকা, সাইকেল লেন এবং অতিরিক্ত যানজটপূর্ণ সড়ক। এছাড়া পুলিশ, ট্রাফিক, সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত স্থানেও মোবাইল ভেন্ডররা ব্যবসা করতে পারবেন না। মন্ত্রণালয় আরো জানিয়েছে, এসব বিধিনিষেধের মূল লক্ষ্য হলো সড়ক নিরাপত্তা বাড়ানো, যান চলাচল নির্বিঘ্ন রাখা, জনসাধারণের সুবিধা নিশ্চিত করা এবং শহরের জীবনযাত্রার মান উন্নত করা। কেউ এসব নিয়ম লঙ্ঘন করলে সাধারণ মানুষকে ৯৪০ নম্বরে ফোন করে অথবা ‘বালাদি’ অ্যাপের মাধ্যমে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে সাইবার হামলা ঠেকানো কঠিন হয়ে উঠেছে

সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিন প্রায় ৬ লাখ সাইবার হামলা প্রতিহত করা হচ্ছে, যা প্রতি ঘণ্টায় প্রায় ২৫ হাজার এবং প্রতি সেকেন্ডে প্রায় ৪১৬টি হামলার সমান। দেশটির সাইবার সিকিউরিটি কাউন্সিলের প্রধান ড. মোহাম্মদ আল কুয়েতি জানিয়েছেন, এসব হামলার ধরন ক্রমেই জটিল হচ্ছে এবং হামলাকারীরা এআই ব্যবহার করায় সেগুলো শনাক্ত ও প্রতিরোধ করা আরো কঠিন হয়ে উঠছে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ খাতগুলোকে লক্ষ্য করে সাইবার হামলার প্রবণতা দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে বিশেষভাবে সতর্ক করেছেন আল কুয়েতি। আবুধাবি সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এনাবলমেন্ট সতর্ক করে জানিয়েছে, প্রযুক্তিগত হামলার পাশাপাশি মানুষের দৈনন্দিন কিছু অসতর্কতাও সাইবার নিরাপত্তার বড় ঝুঁকি তৈরি করতে পারে। কর্তৃপক্ষ তিনটি সাধারণ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। প্রথমত, লিফট, ক্যাফে বা অপেক্ষার জায়গার মতো জনসমাগমস্থলে কম্পিউটার বা মোবাইলের পর্দায় সংবেদনশীল তথ্য খোলা না রাখা। দ্বিতীয়ত, অফিসে প্রবেশের সময় নিজের অ্যাক্সেস কার্ড ব্যবহার না করে অন্য কাউকে সঙ্গে নিয়ে প্রবেশের সুযোগ না দেওয়া। কারণ এতে অনুমোদনহীন ব্যক্তি নিরাপদ এলাকায় ঢুকে পড়তে পারেন। তৃতীয়ত, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস থেকে সাময়িকভাবে দূরে গেলেও সেটি আনলক অবস্থায় রাখা যাবে না। 

ওমান

ওমানে সাম্প্রতিক অভিযানে ৩ হাজার প্রবাসী বহিষ্কার

ওমান ইকামা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে ৩ হাজার প্রবাসী কর্মীকে বহিষ্কার করেছে। এসব অভিযানে ৩.২৪৬ মিলিয়ন ওমানি রিয়াল জরিমানা করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বিভিন্ন গভর্নরেটে মোট ৬ হাজার ৭০৭টি পরিদর্শন অভিযান চালানো হয়। এসব অভিযানে শ্রমবিধি লঙ্ঘনের ১১ হাজার ১৭২টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৬৮০টি মামলা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং ২ হাজার ৯৪৪ জন কর্মীকে আইন অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। অভিযানের মাধ্যমে সমঝোতা সিদ্ধান্তের আওতায় ২৭২টি কর্মসংস্থানের সুযোগও নিবন্ধিত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পুরো ওমানে শ্রমবাজারে আইন মেনে চলার হার বর্তমানে ৬৯.৫ শতাংশ। শ্রম আইন বাস্তবায়ন জোরদার, অনিয়ম কমানো এবং শ্রমবাজারে নিয়োগকর্তা ও কর্মীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই দেশজুড়ে এ ধরনের পরিদর্শন অব্যাহত রাখা হয়েছে। 

কুয়েত

কুয়েতে ভুয়া পুলিশ লুটে নিল দুই প্রবাসীর সব

কুয়েতের ফিনতাস এলাকায় পুলিশ পরিচয় দিয়ে এক এশীয় প্রবাসীকে অস্ত্রের মুখে লুটের অভিযোগ উঠেছে দুই অজ্ঞাতপরিচয় এশীয় প্রবাসীর বিরুদ্ধে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, ওই প্রবাসী সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় দুই ব্যক্তি তাকে থামিয়ে নিজেদের গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয় দেয় এবং তার কাছে মাদক রয়েছে বলে সন্দেহের কথা জানায়। এরপর তারা তাকে তল্লাশি করে কোনো মাদক না পেয়ে পরিচয় যাচাইয়ের অজুহাতে তার মানিব্যাগ দেখতে চায়। ভুক্তভোগী মানিব্যাগ দিলে অভিযুক্তরা তার সিভিল আইডি ও মানিব্যাগের ভেতরের টাকা-পয়সা নিয়ে নেয়। এ সময় তিনি প্রতিরোধের চেষ্টা করে সাহায্যের জন্য চিৎকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর ফিনতাস পুলিশ সহিংসতার মাধ্যমে ডাকাতি ও পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে মামলা করেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে তদন্ত জোরদার করা হয়েছে এবং ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

Logo