সৌদিতে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের লাগবে সার্ভিস প্যাকেজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০১:৪৪
এখন থেকে সৌদি আরবে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার প্রবেশের আগে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে নির্ধারিত সার্ভিস প্যাকেজ নিতে হবে। এমনটাই জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ভিসার মেয়াদ থাকলেই প্রয়োজনীয় সেবা প্যাকেজ ছাড়া সৌদি আরবে প্রবেশের সুযোগ নেই। মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ এবং এই সময়ে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যায়, তবে মোট অবস্থানের সময় ৯০ দিনের বেশি হতে পারবে না। প্রতিবার সফরের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসায় অবশিষ্ট থাকার অনুমোদিত সময়ের বেশি হতে পারবে না।
একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে সৌদি আরবে পৌঁছানোর আগেই ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটের তারিখ সার্ভিস প্যাকেজের তারিখের সঙ্গে মিল থাকতে হবে। প্রথমবারের যাত্রায় নুসুকের মাধ্যমে সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসার আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিমানে ওঠার আগে যাত্রীর ভ্রমণ-যোগ্যতা যাচাই করা হবে এবং সৌদি আরবে আসা-যাওয়ার তথ্য নথিভুক্ত হবে। দেশ ছাড়ার সময় তা হালনাগাদ করে ভিসায় অবশিষ্ট থাকার সময় হিসাব করা হবে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, মাল্টিপল-এন্ট্রি ভিসার দীর্ঘ মেয়াদ থাকলেও প্রতিটি সফরের ক্ষেত্রে নির্ধারিত সেবা ও প্রবেশসংক্রান্ত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
logo-1-1740906910.png)