বাহরাইনে প্রবাসী নাসির উদ্দীনের আবেগঘন বিদায় সংবর্ধনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৪:৪০
বিদেশের মাটিতে আপনজনের মতো পাশে থাকা একজন মানুষ যখন বিদায় নেন, তখন সেই মুহূর্তে আবেগ ধরে রাখা কঠিন। বাহরাইনে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন নাসিরের বিদায়েও তৈরি হয় এমনই এক আবেগঘন পরিবেশ।
বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে স্থানীয় একটি হোটেলের হলরুমে নাসির উদ্দীন নাসিরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তার প্রবাসজীবনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং সংগঠনের প্রতি দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন নেতাকর্মীরা। ভালোবাসা ও শুভকামনায় বিদায়ী অতিথি নাসির উদ্দীন নাসিরকে সিক্ত করেন তারা।
বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের হোসেন। প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন।
বাহরাইন বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক রেজান আহমেদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে থেকে নাসির উদ্দীন নাসির সংগঠনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আন্তরিকতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কথা স্মরণ করে তারা তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
বাহরাইনের দীর্ঘদিনের চেনা পরিবেশ ছেড়ে নাসির উদ্দিন ফিরে যাচ্ছেন তার শেকড়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাসির উদ্দীন নাসিরকে ভালোবাসা ও শুভকামনার মধ্য দিয়ে বিদায় জানানো হয়।
logo-1-1740906910.png)