সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৮
সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ এক সপ্তাহের অভিযানে মোট ১৪ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদের মধ্যে ৭ হাজার ২১৬ জন আবাসন আইন ভঙ্গ, ৩ হাজার ৮৪৩ জন সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং ৩ হাজার ৪৮৩ জন শ্রম আইন ভঙ্গের কারণে আটক হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৫৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ান, ৩২ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ১৯ জনকে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়।
অভিযানে আরো জানা গেছে, অবৈধ প্রবেশকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে প্রবেশকারীদের সহায়তা করে, পরিবহন দেয় বা আশ্রয় দেয়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার) জরিমানা হতে পারে। একই সঙ্গে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়স্থল বাজেয়াপ্ত করা হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও শ্রম আইন ভঙ্গের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে। দেশটির নিরাপত্তা ও শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধ প্রবেশের তথ্য জানাতে নাগরিকদের উৎসাহিত করা হয়েছে। মক্কা ও রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
logo-1-1740906910.png)