৯ ক্যাটাগরিতে চাকরি ছাড়াই আবাসিক ভিসা দিচ্ছে ইউএই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৩৬
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) চাকরি ছাড়াই আবাসিক ভিসা পাওয়ার সুযোগ চালু করেছে। ২০২৬ সালে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী মোট ৯টি শ্রেণির বিদেশি নাগরিককে নন-ওয়ার্কিং রেসিডেন্স পারমিট দেওয়া হবে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (ICA) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই ভিসা প্রদান করবে।
নতুন আইনটি ইউএই আবাসন আইনের ৪৬ নম্বর অনুচ্ছেদের অধীনে কার্যকর হয়েছে। এর মাধ্যমে চাকরি ছাড়াই দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি হয়েছে শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত ব্যক্তি, রিমোট কর্মী, রিয়েল এস্টেট মালিকসহ আরো কয়েকটি শ্রেণির জন্য।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ৯টি শ্রেণি হলো
১. ইউএইতে অনুমোদিত বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী।
২. বিদেশি নাগরিক যারা ইউএইর বাইরে কোনো প্রতিষ্ঠানের হয়ে রিমোট কাজ করেন।
৩. অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক।
৪. ইউএইতে রিয়েল এস্টেট মালিক।
৫. ইউএইতে বসবাসরত বিদেশি নাগরিকের পরিবার সদস্যরা (স্বামী/স্ত্রী, সন্তান, প্রয়োজনে বাবা-মা যদি মূল বাসিন্দার গ্রিন রেসিডেন্স পারমিট থাকে)।
৬. ইউএই নাগরিকদের বাবা-মা, সন্তান ও স্ত্রী/স্বামী যারা বিদেশি পাসপোর্টধারী।
৭. জিসিসি (GCC) দেশগুলোর নাগরিকদের স্ত্রী ও সন্তান যারা বিদেশি পাসপোর্টধারী।
৮. এমন বিদেশি নারী যার ইউএই নাগরিক স্বামী মারা গেছেন বা তালাক দিয়েছেন, তবে তার অন্তত একটি সন্তান থাকতে হবে।
৯. মানবিক কারণে বিশেষ ক্ষেত্রে চেয়ারম্যানের অনুমোদনপ্রাপ্ত আবেদনকারী।
তবে এই ভিসা অন্য নিয়ম থেকে আলাদা নয়। আবাসন আইনের ৩৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আবেদনকারীদের কিছু মৌলিক শর্ত পূরণ করতে হবে। যেমন সঠিক তথ্য প্রদান, বৈধ নথি জমা এবং পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক তথ্য সরবরাহ। ভুয়া নথি বা তথ্য দিলে আবেদন বাতিল হবে।
রিমোট কর্মীদের অন্তর্ভুক্তি ইউএইর বৈশ্বিক পেশাজীবীদের আকৃষ্ট করার প্রচেষ্টার অংশ। একইভাবে রিয়েল এস্টেট মালিক ও অবসরপ্রাপ্তদের জন্য সুযোগ তৈরি করা হয়েছে, যাতে তারা স্থানীয় শ্রমবাজারে প্রবেশ না করেও অর্থনীতিতে অবদান রাখতে পারেন। মানবিক শ্রেণিটি কর্তৃপক্ষকে বিশেষ ক্ষমতা দিয়েছে যাতে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারে।
সম্প্রতি ইউএই বিদেশি শিক্ষার্থীদের জন্য আবাসিক ভিসার শর্তাবলি প্রকাশ করেছে। অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি থাকা শিক্ষার্থীরা এমিরেটস আইডি কার্ডের সঙ্গে যুক্ত হয়ে এই ভিসা পাবেন। এছাড়া বিদেশি কর্মীদের জন্যও আলাদা শর্তাবলি নির্ধারণ করা হয়েছে।
logo-1-1740906910.png)