Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৫৫

বাহরাইনে প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৪ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশিত সেবা চালু হওয়ায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহরাইনস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, এনডিসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী আল কায়িদ, উপ-প্রধান নির্বাহী দুয়া সুলতান, যোগাযোগ ও বিপণন পরিচালক লুলওয়া এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিদেশি অতিথি, বাংলাদেশ নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আব্দুর রহমানেল মাছউদ তার বক্তব্যে এনআইডি কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও পরিচয়ের জন্য অপরিহার্য। তিনি বাহরাইনে বসবাসরত যেসব প্রবাসীর এনআইডি নেই তাদের দূতাবাসের মাধ্যমে দ্রুত আবেদন করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, “আজ আমাদের জন্য একটি আনন্দঘন দিন। প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এখন থেকে আপনারা দূতাবাসের মাধ্যমে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।”

বিশেষ অতিথি মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সরকারি সব ধরনের ডিজিটাল সেবা পেতে এনআইডি কার্ড অপরিহার্য। তিনি প্রবাসীদের এনআইডি করার জন্য উৎসাহিত করেন। বাহরাইনের তথ্য ও ই-গভর্নমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী আল কায়িদ বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এনআইডি সেবা বাহরাইনে চালু হওয়ায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। তিনি বাংলাদেশের এনআইডি কার্ড ও বাহরাইনের সিপিআর কার্ডের সমন্বয়ের গুরুত্বও তুলে ধরেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ও বিদেশি অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি দুইজন প্রবাসীকে আনুষ্ঠানিকভাবে এনআইডি কার্ড প্রদান করা হয়। শতাধিক প্রবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ বিপুল উৎসাহ নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং প্রবাসীদের জন্য এনআইডি সেবার সফল বাস্তবায়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Logo