সৌদিতে খাদ্য নিরাপত্তায় রেস্তোরাঁয় অভিযানের সময় থাকবে ক্যামেরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৩২
সৌদি আরবে রেস্টুরেন্ট ও খাবার দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং খাদ্য নিরাপত্তার অনিয়ম ধরতে এবার ব্যবহার করা হবে পোর্টেবল ক্যামেরা। দেশটির মিউনিসিপ্যালিটি ও হাউজিং মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পরিদর্শন আরো জোরদার করার পাশাপাশি এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। নতুন ব্যবস্থায় পরিদর্শকরা রেস্টুরেন্ট, রান্নাঘর ও অন্যান্য খাদ্য প্রতিষ্ঠানে গিয়ে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে কিনা, তা পরীক্ষা করবেন এবং কোনো অনিয়ম পাওয়া গেলে পোর্টেবল ক্যামেরার মাধ্যমে সেটি নথিভুক্ত করবেন। এসব ক্যামেরা সরাসরি ‘মুমতাথিল’ অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত থাকবে।
ফলে পরিদর্শনের সময় পাওয়া তথ্য ও প্রমাণ আরো স্বচ্ছভাবে সংরক্ষণ করা যাবে এবং পরিদর্শক ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দুই পক্ষের অধিকারও সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি খাদ্য খাতে কর্মরতদের জন্য স্বাস্থ্য সনদ আরো উন্নত ও ইলেকট্রনিকভাবে ইস্যু করার ব্যবস্থা এবং কর্মীদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যবিধি না মানা বা খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করা কোনো প্রতিষ্ঠানকে আইনি ব্যবস্থা থেকে ছাড় দেওয়া হবে না।
logo-1-1740906910.png)