মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ আগস্ট ২০২৬
বাহরাইনে তার চুরির অভিযোগে ৩ এশিয়ানের ৫ বছর করে জেল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৫:৩৭
বাহরাইন
বাহরাইনে তার চুরির অভিযোগে ৩ এশিয়ানের ৫ বছর করে জেল
বাহরাইনে একটি গুদাম থেকে প্রায় ৭০০ কেজি কারেন্টের তার চুরির ঘটনায় তিন এশিয়ানকে পাঁচ বছর করে জেল দিয়েছেন দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। পাশাপাশি সাজা শেষে তাদের বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, রাস জুয়াইয়েদ এলাকায় একটি কোম্পানির গুদামে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা দুই ব্যক্তি প্রথমে নিরাপত্তাকর্মীকে আক্রমণ করে, পরে আরো কয়েকজন তাদের সঙ্গে যোগ দেয়। তারা নিরাপত্তাকর্মীকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে, গেটের চাবি নিয়ে গুদামে ঢুকে তালা ভেঙে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার নিয়ে যায়। এরপর নিরাপত্তাকর্মীকে নিরাপত্তাকক্ষের ভেতর আটকে রেখে তারা পালিয়ে যায়। ভোর প্রায় ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই কর্মী সেখানে আটকে ছিলেন, পরে কোম্পানির আরেক কর্মী তাকে উদ্ধার করেন। এদিকে পুলিশ জানতে পারে, কয়েকজন এশীয় নাগরিক একটি স্ক্র্যাপের দোকানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার বিক্রির চেষ্টা করছে। সেখানে আবার ফিরে এলে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, তবে তাদের সঙ্গে থাকা আরো একজন পালিয়ে যায়। উদ্ধার করা তারের ওজন ছিল প্রায় ৭০০ কেজি এবং প্রতি কেজি ১ দশমিক ৮০০ বাহরাইনি দিনারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। তদন্তে আরো জানা যায়, পুলিশের নজর এড়াতে অভিযুক্তরা যে বাসটি ব্যবহার করেছিল, সেটির নম্বর প্লেটও পরিবর্তন করা হয়েছিল। শেষ পর্যন্ত আদালত তিনজনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং সাজা শেষে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
সৌদি আরব
সৌদিতে খাদ্য নিরাপত্তায় রেস্তোরাঁয় অভিযানের সময় থাকবে ক্যামেরা
সৌদি আরবে রেস্টুরেন্ট ও খাবার দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং খাদ্য নিরাপত্তার অনিয়ম ধরতে এবার ব্যবহার করা হবে পোর্টেবল ক্যামেরা। দেশটির মিউনিসিপ্যালিটি ও হাউজিং মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পরিদর্শন আরো জোরদার করার পাশাপাশি এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। নতুন ব্যবস্থায় পরিদর্শকরা রেস্টুরেন্ট, রান্নাঘর ও অন্যান্য খাদ্য প্রতিষ্ঠানে গিয়ে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে কিনা, তা পরীক্ষা করবেন এবং কোনো অনিয়ম পাওয়া গেলে পোর্টেবল ক্যামেরার মাধ্যমে সেটি নথিভুক্ত করবেন। এসব ক্যামেরা সরাসরি ‘মুমতাথিল’ অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত থাকবে। ফলে পরিদর্শনের সময় পাওয়া তথ্য ও প্রমাণ আরো স্বচ্ছভাবে সংরক্ষণ করা যাবে এবং পরিদর্শক ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দুই পক্ষের অধিকারও সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি খাদ্য খাতে কর্মরতদের জন্য স্বাস্থ্য সনদ আরো উন্নত ও ইলেকট্রনিকভাবে ইস্যু করার ব্যবস্থা এবং কর্মীদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্যবিধি না মানা বা খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করা কোনো প্রতিষ্ঠানকে আইনি ব্যবস্থা থেকে ছাড় দেওয়া হবে না।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে মহানবীর জন্মদিনে তিন দিনের ছুটি ঘোষণা
দুবাইয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে সরকারি কর্মীদের জন্য টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।দুবাই সরকারের মানবসম্পদ বিভাগ জানিয়েছে, আগামী ২৮ আগস্ট শুক্রবার সরকারি ছুটি থাকবে এবং নিয়মিত সাপ্তাহিক ছুটির কারণে ২৯ ও ৩০ আগস্টও ছুটি থাকায় সরকারি কর্মীরা টানা তিন দিনের বিরতি পাবেন। এরপর ৩১ আগস্ট সোমবার থেকে সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এই ছুটি দুবাই সরকারের অধীনস্থ বিভিন্ন কর্তৃপক্ষ, বিভাগ ও প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। তবে যেসব কর্মী শিফটভিত্তিক কাজ করেন, সরাসরি জনগণকে সেবা দেন কিংবা জরুরি ও গুরুত্বপূর্ণ সরকারি সেবা সচল রাখার দায়িত্বে রয়েছেন, তারা এই ছুটির আওতায় থাকবেন না। এসব কর্মীর কাজের সময় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করবে, যাতে ছুটির মধ্যেও জরুরি জনসেবা কোনোভাবেই ব্যাহত না হয়। অন্যদিকে, পুরো সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীদের জন্যও ২৮ আগস্ট শুক্রবার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে paid public holiday ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার ও রোববার নিয়মিত সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে অনেক কর্মী টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন এবং ৩১ আগস্ট সোমবার থেকে কাজে ফিরবেন।
ওমান
ওমানে শ্রমবাজার খোলা নিয়ে প্রচারণায় সতর্কতা দূতাবাসের
ওমানে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে গেছে, ভিসা চালু হয়েছে কিংবা ফ্রি ভিসা দেওয়া হচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাকে বিভ্রান্তিকর ও ভুয়া বলে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। দূতাবাস আরো জানায়, ওমান সরকার বর্তমানে শ্রমবাজার পুনর্বিন্যাস ও ওমানাইজেশন নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ কিংবা ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’- এ ধরনের প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি, সুবিধাভোগী বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকতে প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। সম্প্রতি ওমানি অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব প্রচারণা ছড়ানোর পর দূতাবাস এ সতর্কতা জারি করে। দূতাবাস জানিয়েছে, ওই বিজ্ঞপ্তি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয়। বিজ্ঞপ্তিটির উদ্দেশ্য ছিল আল ধাহিরাহ অঞ্চলের কৃষিশ্রমিকের চাহিদা পূরণে প্রয়োজন হলে কেবল ওই এলাকার কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি জানানো। এতে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কুয়েত
কুয়েতে ইকামা নিয়ম ভঙ্গ, এক বাংলাদেশি গ্রেপ্তার
কুয়েতে ১৬ বছর ধরে নিখোঁজ এবং আবাসন আইন লঙ্ঘনের তালিকায় থাকা এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, কুয়েতের বায়ান এলাকায় নিয়মিত টহলের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ তার হাতে একটি ব্যাগ দেখতে পায় এবং সেটিতে মদজাতীয় কোনো পদার্থ থাকতে পারে বলে সন্দেহ করে তাকে থামতে নির্দেশ দেয়। কিন্তু পুলিশের নির্দেশ পেয়ে ওই ব্যক্তি পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে, কেন তিনি পালানোর চেষ্টা করেছিলেন- এ বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তিনি পুলিশকে জানান, তার সিভিল আইডি বাসায় রয়েছে। এরপর তার পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হয়। আর সেখানেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি গত ১৬ বছর ধরে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ছিলেন এবং একই সঙ্গে কুয়েতের আবাসন আইন লঙ্ঘনের রেকর্ডও ছিল। অর্থাৎ দীর্ঘ ১৬ বছর ধরে তিনি কর্তৃপক্ষের নথিতে নিখোঁজ ও রেসিডেন্সি আইন ভঙ্গকারী হিসেবে ছিলেন। গ্রেপ্তারের পর ওই বাংলাদেশি প্রবাসীকে কুয়েতের প্রশাসনিক বহিষ্কার বিভাগে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে
logo-1-1740906910.png)