বাহরাইনে বিভিন্ন দোকানপাটের সামনে থাকা পাবলিক পার্কিং নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আইনজীবী আবদুলকরিম আল আহমেদের বরাত দিয়ে দ্য ডেইলি ট্রিবিউন জানিয়েছে, কোনো দোকানের সামনে পার্কিং স্পেস থাকলেই সেটির ওপর দোকান মালিকের একক অধিকার তৈরি হয় না। অর্থাৎ, দোকানের ক্রেতাদের জন্য পাবলিক পার্কিং দখল করে রাখা আইনসিদ্ধ নয়। অনেক সময় দোকানের সামনে অন্য গাড়ি পার্ক করা ঠেকাতে শিকল, ব্যারিয়ার, কোণ বা ‘কাস্টমারস অনলি’ ধরনের সাইনবোর্ড ব্যবহার করা হয়। কিন্তু জায়গাটি যদি ব্যক্তিমালিকানাধীন না হয়, ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বা সাইট প্ল্যানে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ না থাকে, কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না থাকে, তাহলে এভাবে পাবলিক পার্কিং আটকে রাখা যাবে না।
পার্কিং স্পেস দোকানের সামনে নাকি অন্য কোথাও সেটি মূল বিষয় নয়; সেটি পাবলিক নাকি ব্যক্তিগতভাবে নির্ধারিত, সেটিই গুরুত্বপূর্ণ। বাহরাইনের ট্রাফিক আইনের অধীনে জনসাধারণের ব্যবহারের রাস্তা ও জায়গা অবৈধভাবে দখল করে যান চলাচল বা পথচারীদের চলাচলে বাধা দেওয়াও নিষিদ্ধ। কর্তৃপক্ষ অনুমতি ছাড়া বসানো কোনো ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা সরিয়ে দিতে পারে এবং এর খরচও সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হতে পারে।
logo-1-1740906910.png)