বাহরাইনে পণ্যে জালিয়াতি: দু্ই এশীয়কে জেল, বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৬:২৮
বাহরাইনে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুই এশীয় নাগরিককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সাজা শেষে তাদের স্থায়ীভাবে দেশটি থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি সামনে আসে বুডাইয়া পুলিশ স্টেশনে একটি বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান অভিযোগ করার পর। অভিযোগে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানের এক কর্মী এবং একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী মিলে পরিষ্কার-পরিচ্ছন্নতার পণ্যের প্যাকেট থেকে মেয়াদ শেষ হওয়ার তারিখ সরিয়ে ফেলছিলেন, যাতে মেয়াদোত্তীর্ণ পণ্যও বিক্রি করা যায়।
সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে এবং পরে পরিদর্শনে বেশ কয়েকটি পণ্যের প্যাকেট থেকে মেয়াদ শেষ হওয়ার তারিখ মুছে ফেলার প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে আরো কিছু মেয়াদোত্তীর্ণ পণ্যও উদ্ধার করা হয় এবং তারিখ মুছে ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্তই অভিযোগ স্বীকার করেন। তাদের একজন জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য যাচাইয়ের দায়িত্বে থাকায় বেতন থেকে টাকা কেটে নেওয়ার আশঙ্কা থেকেই তিনি পণ্যের মেয়াদ শেষ হওয়ার তারিখ সরিয়ে ফেলেছিলেন।
আদালত কারাদণ্ড ও বহিষ্কার আদেশের সাথে প্রতারণার সঙ্গে জড়িত পণ্য এবং ব্যবহৃত সরঞ্জামও বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে।
logo-1-1740906910.png)