Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ আগস্ট ২০২৬

বাহরাইনে পার্কিং নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৬:২৬

বাহরাইনে পার্কিং নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা

বাহরাইন

বাহরাইনে পার্কিং নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা

বাহরাইনে বিভিন্ন দোকানপাটের সামনে থাকা পাবলিক পার্কিং নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আইনজীবী আবদুলকরিম আল আহমেদের বরাত দিয়ে দ্য ডেইলি ট্রিবিউন জানিয়েছে, কোনো দোকানের সামনে পার্কিং স্পেস থাকলেই সেটির ওপর দোকান মালিকের একক অধিকার তৈরি হয় না। অর্থাৎ, দোকানের ক্রেতাদের জন্য পাবলিক পার্কিং দখল করে রাখা আইনসিদ্ধ নয়। অনেক সময় দোকানের সামনে অন্য গাড়ি পার্ক করা ঠেকাতে শিকল, ব্যারিয়ার, কোণ বা ‘কাস্টমারস অনলি’ ধরনের সাইনবোর্ড ব্যবহার করা হয়। কিন্তু জায়গাটি যদি ব্যক্তিমালিকানাধীন না হয়, ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বা সাইট প্ল্যানে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ না থাকে, কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না থাকে, তাহলে এভাবে পাবলিক পার্কিং আটকে রাখা যাবে না। পার্কিং স্পেস দোকানের সামনে নাকি অন্য কোথাও সেটি মূল বিষয় নয়; সেটি পাবলিক নাকি ব্যক্তিগতভাবে নির্ধারিত, সেটিই গুরুত্বপূর্ণ। বাহরাইনের ট্রাফিক আইনের অধীনে জনসাধারণের ব্যবহারের রাস্তা ও জায়গা অবৈধভাবে দখল করে যান চলাচল বা পথচারীদের চলাচলে বাধা দেওয়াও নিষিদ্ধ। কর্তৃপক্ষ অনুমতি ছাড়া বসানো কোনো ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা সরিয়ে দিতে পারে এবং এর খরচও সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হতে পারে। 

সৌদি আরব

সৌদি আরব হাজার হাজার সেভ্রোলেট গাড়ি ফিরিয়ে নিতে বলেছে

সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় ২৭ হাজার ৩৬০টি সেভ্রোলেট গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। গাড়িগুলোতে চালকের পাশের এয়ারব্যাগের এমন একটি ত্রুটি ধরা পড়েছে, যা দুর্ঘটনার সময় এয়ারব্যাগ সক্রিয় হলে ভেতর থেকে ধারালো ধাতব টুকরো ছিটকে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে। এতে গুরুতর আহত হওয়া এমনকি মৃত্যুর আশঙ্কাও রয়েছে। এই রিকলের আওতায় রয়েছে সেভ্রোলেট ট্র্যাক্স, ক্রুজ ও অ্যাভিও মডেলের নির্দিষ্ট কিছু গাড়ি। এর মধ্যে ২০১০ থেকে ২০১৭ সালের ট্র্যাক্স, ২০১২ থেকে ২০১৮ সালের ক্রুজ এবং ২০১০ থেকে ২০১৭ সালের অ্যাভিও মডেল রয়েছে। সৌদি বাণিজ্য মন্ত্রণালয় গাড়ির মালিকদের দ্রুত নিজেদের গাড়ি এই রিকলের আওতায় পড়েছে কিনা, তা যাচাই করার আহ্বান জানিয়েছে। এ জন্য গাড়ির ভেহিকল আইডেন্টিফিকেশন নম্বর বা ভিআইএন ব্যবহার করে Recalls.sa প্ল্যাটফর্মে তথ্য যাচাই করা যাবে। কোনো গাড়ি তালিকায় থাকলে জেনারেল মোটরস, আলজোমাইহ অটোমোটিভ কোম্পানি অথবা ইউনিভার্সাল মোটরস এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় মেরামত সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

ওমান

ওমানে থেকে প্রায় তিন হাজার প্রবাসী বহিষ্কার

ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের প্রথম ছয় মাসে ২ হাজার ৯৪৪ জন প্রবাসী কর্মীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ১১ হাজার ১৭২ জন অ-ওমানি কর্মীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এ সময়ে শ্রম আইন মেনে চলা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে ৬ হাজার ৭০৭টি পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়, যেখানে সামগ্রিকভাবে কমপ্লায়েন্স বা আইন মেনে চলার হার ছিল ৬৯ দশমিক ৫ শতাংশ। পরিদর্শনের পর ৪ হাজার ৬৮০টি মামলা পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। আর সমঝোতার সিদ্ধান্তের ভিত্তিতে ২৭২টি কর্মসংস্থানের সুযোগও নিবন্ধন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কাজ করা কিংবা অনুমোদিত চাকরির শর্তের বাইরে কাজ করাসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এসব অভিযান চালানো হচ্ছে। ওমান সরকার বলছে, শ্রমবাজারকে আরো সুশৃঙ্খল করা, কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করা এবং অনিয়মিত কর্মসংস্থান বন্ধ করাই এই কঠোর নজরদারির মূল লক্ষ্য। বিশেষ করে প্রবাসী কর্মীদের জন্য এই তথ্য গুরুত্বপূর্ণ। কারণ বৈধ অনুমোদন ছাড়া বা নির্ধারিত শর্তের বাইরে কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশ থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখেও পড়তে হতে পারে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে মিষ্টি ও কাগজে মাদকের বিষয়ে পুলিশের সতর্কতা

শুধু মিষ্টি নয়, সাধারণ এফোরের মতো একটি কাগজ কিংবা অপরিচিত নম্বর থেকে আসা উপহারও মাদকের ফাঁদ হতে পারে এমনই সতর্কবার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল অ্যান্টি-নারকোটিকস অথরিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক চোরাকারবারিরা এখন শিশু ও কিশোরদের টার্গেট করতে আরো কৌশলী পদ্ধতি ব্যবহার করছে। সাম্প্রতিক সময়ে এমন তিনটি পদ্ধতি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি হলো মাদকদ্রব্য এ৪ কাগজে মিশিয়ে বা ভিজিয়ে রাখা, যাতে বাইরে থেকে সহজে বোঝা না যায়। আরেকটি পদ্ধতিতে মিষ্টির ভেতরে মাদক লুকিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি অপরিচিত নম্বর বা অজানা ব্যক্তির মাধ্যমে কুরিয়ার বা ডেলিভারি সার্ভিসে হঠাৎ করে উপহার কিংবা প্যাকেজ পাঠিয়েও তরুণদের ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাই কর্তৃপক্ষ অভিভাবক ও তরুণদের অপরিচিত কারো দেওয়া উপহার বা সন্দেহজনক প্যাকেজ গ্রহণ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সন্তানদের আচরণে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে এ বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও। 

কুয়েত

কুয়েতে সড়কে প্রি অ্যালার্ট সিস্টেম চালু

কুয়েতে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় নতুন পরিবর্তন আসছে। চালক ও পথচারীদের সিগন্যাল পরিবর্তনের আগে সতর্ক করতে চালু করা হয়েছে ‘ট্রাফিক লাইট প্রি-অ্যালার্ট সিস্টেম। নতুন এই ব্যবস্থায় সিগন্যালের রং পরিবর্তনের আগে আগাম সতর্কবার্তা দেওয়া হবে, যাতে চালকরা হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে নিরাপদভাবে গাড়ি চালানো বা থামানোর প্রস্তুতি নিতে পারেন। এই সিস্টেমে মূলত দুই ধরনের সতর্কতা থাকবে। রেড লাইট অ্যালার্ট চালকদের সামনে সিগন্যাল পরিবর্তনের বিষয়ে আগাম সতর্ক করবে, আর গ্রিন লাইট অ্যালার্টের মাধ্যমে চালকদের ধীরে ধীরে গতি কমিয়ে নিরাপদে থামার জন্য প্রস্তুত হতে বলা হবে। কর্তৃপক্ষের মতে, সিগন্যাল পরিবর্তনের আগে পর্যাপ্ত সময় পাওয়ায় চালক ও পথচারীরা আরো সতর্কভাবে প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর ফলে হঠাৎ ব্রেক করা, সিগন্যাল নিয়ে বিভ্রান্তি এবং মোড় বা ইন্টারসেকশনে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও বাড়বে। 

Logo