মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১০ আগস্ট ২০২৬
বাহরাইনে বেড়েছে মাছ ও স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৬:১৫
বাহরাইন
বাহরাইনে বেড়েছে মাছ ও স্বর্ণের দাম
বাহরাইনে অতিরিক্ত গরমের কারণে মাছ ধরা ব্যাহত হওয়ায় বাজারে মাছের সরবরাহ কমে যাওয়ায় বেড়ে গেছে দাম। বর্তমানে এক কেজি বাহরাইনি সাফি মাছের দাম প্রায় ৭ বাহরাইনি দিনার পর্যন্ত উঠেছে। জেলেরা বলছেন, এখন বাজারে যে পরিমাণ মাছ আসছে, তা চাহিদার তুলনায় খুবই কম এবং মাছ ধরা আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। একজন জেলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে মাছ ধরা গরমের কারণে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি যদি এমনই থাকে এবং তাপমাত্রা আরো বাড়তে থাকে, তাহলে সামনে মাছ ধরার পরিমাণ আরো কমতে পারে এবং বাজারে মাছের দামও আরো বাড়ার আশঙ্কা রয়েছে। মাছের পাশাপাশি বাহরাইনে বেড়ে গেছে স্বর্ণের দামও। এক সপ্তাহে দেশটিতে স্বর্ণের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। আর ২১ ক্যারেট স্বর্ণের দাম কিছু দোকানে প্রতি গ্রামে প্রায় ৪৬.১০০ বাহরাইনি দিনার পর্যন্ত উঠেছে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে প্রায় ৪ হাজার ৩৪২ ডলারে পৌঁছেছে, যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। হিসাব অনুযায়ী, বাহরাইনে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে প্রায় ৫২.৫ দিনার, আর ২১ ক্যারেট স্বর্ণের প্রায় ৪৫.৯ দিনার পর্যন্ত উঠেছে। ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি, ডলারের দাম, যুক্তরাষ্ট্রের সুদের হার এবং হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর নির্ভর করে সামনে সোনার দাম আরো ওঠানামা করতে পারে।
সৌদি আরব
সৌদিতে পর্যটন খাতে কর্মীদের নিয়ে নতুন নিয়ম
সৌদি আরবের পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নতির কারণে কর্মীর চাহিদা বাড়ছে। দেশটিতে আসছেন বিপুল সংখ্যক বিদেশি পর্যটক। আর সেই কারণে হোটেল ও পর্যটন খাতে আসছে নতুন নিয়ম। এই প্রেক্ষাপটে দেশটির পর্যটন মন্ত্রণালয় বিভিন্ন হোটেল ও অন্যান্য আবাসিক ব্যবস্থাপনায় কতজন কর্মী থাকবে তার একটি নির্দেশনা প্রস্তাব করেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, লাক্সারি হোটেল, ভিলা, অ্যাপার্টমেন্ট ও রিসোর্টের প্রতি রুমে ৩ জন কর্মী রাখতে হবে। সাধারণ পাঁচতারকা হোটেলে প্রতি ৫টি রুমের জন্য ৪ জন, চার তারকা হোটেলে ৫টি রুমের জন্য ৩ জন, তিন তারকা হোটেলে ৫টি রুমের জন্য ২ জন এবং দুই তারকা হোটেলে ৫টি রুমের জন্য ১ জন কর্মী রাখতে হবে। এই নির্দিষ্ট সংখ্যক কর্মী সারা বছর অবশ্যই রাখতে হবে। নতুন নিয়ম চালু হওয়ার আগে যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স রয়েছে, তারা নিয়ম পূরণ করার জন্য সর্বোচ্চ ১৮০ দিন সময় পাবে, আর কোনো হোটেল যদি নিজের শ্রেণি ক্যাটাগরি বাড়ায়, তাহলে তা পূরণের জন্য সর্বোচ্চ ৯০ দিন সময় পাবে। কর্মীর সংখ্যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রতিষ্ঠানের নামে সরাসরি নিবন্ধিত কর্মী ছাড়াও Ajeer platform-এর মাধ্যমে affiliated operating company-তে নিবন্ধিত কর্মী হিসেবে বিবেচনা করা হবে। কর্মীর তথ্য পরিবর্তন হলে তিন মাসের মধ্যে তা আপডেট করতে হবে। আর এই নিয়ম মানা হচ্ছে কিনা, তা দেখা এবং নিয়ম ভাঙলে জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ভারী বৃষ্টির কারণে দুই ধরনের সতর্কতা জারি
আমিরাতে আবারো খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দেশটির National Centre of Meteorology বা NCM কয়েকটি এলাকায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কিছু জায়গায় ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং ধুলার কারণে রাস্তায় দৃশ্যমানতা অনেক কমে যেতে পারে। বিশেষ করে দুবাই, শারজাহ এবং দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। Orange Alert থাকা এলাকাগুলোতে আবহাওয়া তুলনামূলকভাবে বেশি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। এনসিএম জানিয়েছে, ১০ আগস্ট ১০টা পর্যন্ত এসব এলাকায় ঝুঁকিপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং এই সপ্তাহেও আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়িচালকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছে। বৃষ্টি বা ধুলার সময় রাস্তায় দৃষ্টিসীমা কমে গেলে গাড়ির গতি কমিয়ে সাবধানে গাড়ি চালানো এবং প্রয়োজন ছাড়া ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়বাদলার এই সময়ে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও এসব আবহাওয়া নির্দেশনা মেনে চলা উচিত।
ওমান
ওমানে সমুদ্রপথে ঢোকার চেষ্টাকালে তিন এশিয়ান আটক
ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে তিন এশীয় নাগরিক আটক হয়েছে। দেশটির নর্থ আল বাতিনাহার শিনাস এলাকায় উপকূলরক্ষী পুলিশ একটি নৌকা আটক করে। ওই নৌকায় থাকা তিনজন ব্যক্তি সমুদ্রপথে অবৈধভাবে ওমানে ঢোকার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।। তবে তারা কোন দেশের নাগরিক, তা বলা হয়নি। শুধু তাই নয়, তাদের কাছে ওমানে পাচারের জন্য গাজার একটি চালানও পাওয়া গেছে। পরে তিনজনকেই আটক করা হয় এবং বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওমানের কর্তৃপক্ষ অবৈধভাবে দেশে প্রবেশ এবং মাদক পাচারের মতো ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে। দেশটিতে প্রবাসী বা অন্য যে কোনো ব্যক্তির বৈধ কাগজপত্র ছাড়া ওমানে প্রবেশের চেষ্টা করা বা মাদক বহন করা গুরুতর অপরাধ এবং এর জন্য কঠোর আইনি ব্যবস্থা হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও
কুয়েত
কুয়েতে ২৮৭ প্রবাসীকে ঠিকানা পরিবর্তনের সুযোগ
কুয়েতে থাকা ২৮৭ জন প্রবাসীর বাতিল হওয়া আবাসিক ঠিকানা পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। দেশটির Public Authority for Civil Information বা PACI জানিয়েছে, বাড়ির মালিকের দেওয়া তথ্য বা ভবন ভেঙে ফেলার কারণে এই ২৮৭ জনের আগের আবাসিক ঠিকানা বাতিল করা হয়েছিল। এখন তাদের ৩০ দিনের মধ্যে নতুন ঠিকানা রেজিস্টার করতে হবে। এটি PACI অফিসে গিয়ে করা যাবে, অথবা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সাহেল অ্যাপের মাধ্যমেও করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন ঠিকানা রেজিস্টার না করলে সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার জরিমানা হতে পারে। পাশাপাশি বাড়ির মালিকদের জন্য সাহেল অ্যাপে নতুন ‘Removal of Address’ service চালু করেছে পিএসিআই। এর মাধ্যমে কোনো ব্যক্তি তাদের বাড়ির ঠিকানায় আর না থাকলে মালিক অনলাইনে সেই ঠিকানা সরানোর আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদনের অগ্রগতিও দেখতে পারবেন।
logo-1-1740906910.png)