সংযুক্ত আরব আমিরাতে চাকরির খোঁজে থাকা প্রবাসীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। আকর্ষণীয় বেতন, পরিচিত কোম্পানির নাম এবং দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে প্রতারকরা চাকরিপ্রার্থীদের টার্গেট করছে। অনেক সময় এসব অফারের আড়ালে থাকে ভুয়া নিয়োগ এজেন্ট, যারা অর্থ কিংবা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।
সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় (MOHRE) জানিয়েছে, চাকরির অফার গ্রহণের আগে অবশ্যই তা যাচাই করতে হবে। অফিসিয়াল চাকরির অফারে সিরিয়াল নম্বর ও বারকোড থাকে, যা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, স্মার্ট অ্যাপ বা কল সেন্টার (৬০০ ৫৯০০০০) এর মাধ্যমে যাচাই করা যায়।
প্রতারকরা সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট বা মেসেজিং অ্যাপে বিজ্ঞাপন দেয়। তারা আসল কোম্পানির নাম, লোগো ও ব্র্যান্ডিং ব্যবহার করে বিজ্ঞাপনকে বিশ্বাসযোগ্য করে তোলে। আবেদনকারীর সঙ্গে যোগাযোগের পর জানায়, চাকরির জন্য নির্বাচিত হয়েছেন। এরপর ভিসা প্রসেসিং, মেডিকেল পরীক্ষা বা রেজিস্ট্রেশনের নামে টাকা দাবি করে।
কিন্তু আমিরাতের শ্রম আইন অনুযায়ী, নিয়োগকর্তা কোনোভাবেই কর্মীর কাছ থেকে নিয়োগ বা চাকরির খরচ নিতে পারে না।
প্রতারকরা অনেক সময় পাসপোর্ট কপি, এমিরেটস আইডি, ব্যাংক তথ্য, কার্ডের বিবরণ, পাসওয়ার্ড বা ভেরিফিকেশন কোড চাইতে পারে। আবুধাবি পুলিশ আগেই সতর্ক করেছে, অপরিচিত নিয়োগ সংস্থাকে এসব তথ্য দেওয়া বিপজ্জনক। এসব তথ্য ব্যবহার করে আরো প্রতারণা বা পরিচয় চুরি হতে পারে।
সতর্কতার সাতটি লক্ষণ
চাকরিপ্রার্থীদের সতর্ক থাকতে হবে যদি কোনো অফারে থাকে
- চাকরি পেতে টাকা দেওয়ার শর্ত
- অস্বাভাবিকভাবে বেশি বেতন
- দ্রুত টাকা বা তথ্য দেওয়ার চাপ
- কোম্পানির অফিসিয়াল ডোমেইন ছাড়া ইমেইল
- শুধু মেসেজিং অ্যাপে সাক্ষাৎকার
- ব্যাংক তথ্য বা পাসওয়ার্ড চাওয়া
- অফিসিয়াল অফারপত্র যাচাইয়ের সুযোগ না দেওয়া
সন্দেহজনক অফার পেলে সরাসরি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে হবে। কোম্পানির অফিসিয়াল ক্যারিয়ার পেজও দেখা উচিত। এছাড়া MOHRE-এর মাধ্যমে অফার যাচাই করা জরুরি।
যদি প্রতারণার সন্দেহ হয়, বিজ্ঞাপন, মেসেজ, ইমেইল ঠিকানা ও ফোন নম্বর সংরক্ষণ করতে হবে। আবুধাবিতে সন্দেহজনক কার্যকলাপ আমান সার্ভিস (৮০০ ২৬২৬) এ রিপোর্ট করা যায়। কর্তৃপক্ষের বার্তা স্পষ্ট, চাকরির সুযোগ গ্রহণের আগে অবশ্যই যাচাই করতে হবে। কোম্পানির লোগো বা আকর্ষণীয় বার্তা সহজেই নকল করা যায়, কিন্তু অফিসিয়াল অফারপত্র সব সময় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব।
logo-1-1740906910.png)