Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৯ আগস্ট ২০২৬

বাহরাইনের রাজপথে আরো ট্রাফিক ক্যামেরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৫:৪৪

বাহরাইনের রাজপথে আরো ট্রাফিক ক্যামেরা

বাহরাইন

বাহরাইনের রাজপথে আরো ট্রাফিক ক্যামেরা

বাহরাইনের সড়কে নিরাপত্তা বাড়াতে নতুন করে ১০০টি স্মার্ট ট্রাফিক ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাহরাইনের ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক আইন ভাঙার ঘটনা এবং সড়ক দুর্ঘটনা কমানোই এর মূল লক্ষ্য। এরই মধ্যে স্মার্ট ক্যামেরা ব্যবস্থার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন প্রযুক্তি ও রাস্তার উন্নয়নের কারণে ইতোমধ্যে ট্রাফিক আইন লঙ্ঘন এবং দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে গাড়িচালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার সচেতনতাও বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন আরো ১০০টি স্মার্ট ক্যামেরা যুক্ত হলে রাস্তায় নজরদারি আরো বাড়বে এবং ট্রাফিক নিয়ম ভাঙার ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। বাহরাইনের ট্রাফিক বিভাগ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুরো ট্রাফিক ব্যবস্থা আরো উন্নত করার কাজ অব্যাহত থাকবে এবং এর প্রধান লক্ষ্য হলো মানুষের জীবন ও সম্পদ নিরাপদ রাখা এবং সড়ক দুর্ঘটনা কমানো। ফলে বাহরাইনের সড়কে গাড়ি চলাচল আর চলতি পথে প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে ট্রাফিক সিগন্যাল। 

সৌদি আরব

সৌদি থেকে ১০ হাজার বিদেশি বহিষ্কার

সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের বিরুদ্ধে আবারো বড় অভিযান চালানো হয়েছে। গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৬ পর্যন্ত এক সপ্তাহে বিভিন্ন আইন ভাঙার অভিযোগে ১৪ হাজার ৪৪০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৯০ জন আবাসন আইন, ৩ হাজার ৯৩২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪১৮ জন শ্রম আইন ভঙ্গ করেছে বলে জানা গেছে। একই সময়ে ১০ হাজার ৮২৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৮ হাজার ১৩১ জনকে প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে এবং আরো ৬ হাজার ৩৫৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে মধ্যে ৪০ শতাংশ ইয়েমেনি, ৫৯ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। বর্তমানে মোট ৩২ হাজার ১২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯ হাজার ৯৯৫ জন পুরুষ এবং ২ হাজার ১৭ জন নারী। 

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে চলতি পথে গাড়ি না থামাতে সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গাড়ি চালকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে আবুধাবি পুলিশ। পুলিশের কঠোর এক বার্তায় বলা হয়েছে, ফ্রি ওয়েতে রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলেও চলন্ত ট্রাফিকের মাঝখানে গাড়ি থামানো যাবে না। কারণ এতে পেছন থেকে আসা গাড়ি সময়মতো বুঝতে না পেরে একের পর এক দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ সম্প্রতি একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে, যেখানে এমনভাবে গাড়ি থামানোর কারণে কয়েকটি বড় দুর্ঘটনার ঘটনা দেখানো হয়েছে। টায়ার পাংচার বা অন্য কোনো জরুরি সমস্যা হলেও সম্ভব হলে গাড়ি চালিয়ে নিকটতম এক্সিট বা নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু গাড়ি যদি একদমই সরানো সম্ভব না হয়, তাহলে দ্রুত 999 নম্বরে ফোন করে সাহায্য চাইতে হবে। এতে জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে এবং বড় দুর্ঘটনার ঝুঁকি কমবে। পুলিশ একই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বা অন্য কোনো বিষয়ে মনোযোগ না দিয়ে রাস্তায় পুরোপুরি নজর রাখার আহ্বান জানিয়েছে। 

ওমান

ওমানে জীবনযাত্রার মান সূচকে উন্নতি

জীবন মানের স্কোরে ওমানের মানুষের আরো উন্নতি হয়েছে। গোটা আরব বিশ্বে ওমানের অবস্থান এখন প্রথম। ২০২৬ সালের নামবিও কোয়ালিটি অব লাইফ ইনডেক্সে সারা পৃথিবীতে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ওমান। গত বছর একই সময়ে দেশটি চতুর্থ অবস্থানে ছিল। এবার ওমানের স্কোর ২০৩.৯, আর এশিয়া ও আরব বিশ্বের মধ্যে ওমানই প্রথম স্থানে রয়েছে। তালিকায় ওমানের আগে রয়েছে নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। এই র‍্যাঙ্কিংয়ে মানুষের জীবনযাত্রার মান বোঝার জন্য নিরাপত্তা, আয় করার ক্ষমতা, চিকিৎসা ব্যবস্থা, জীবনযাত্রার খরচ, বাড়ির দাম, যাতায়াতের সময়, দূষণ এবং আবহাওয়ার মতো বিষয় বিবেচনা করা হয়, যা পৃথিবীর অন্যান্যদের তুলনায় খুব ভালো অবস্থানে রয়েছে ওমান। বিশেষ করে নিরাপত্তা, কম দামে জ্বালানি ক্রয়, বাড়ির তুলনামূলক কম দাম এবং কম সময়ে যাতায়াতের কারণে ভালো অবস্থানে রয়েছে। এদিকে জিসিসি দেশগুলোর মধ্যে কাতার ১২তম, ইউএই ২৯তম, কুয়েত ৩৪তম এবং সৌদি আরব ৩৮তম অবস্থানে রয়েছে। যদিও নামবিও কোনো সরকারি পরিসংখ্যান রিপোর্ট নয়, তবু এই পরিসংখ্যান থেকে একটি সামগ্রিক পরিস্থিতির চিত্র পাওয়া যায়। 

Logo