ওমানে শালীনতা ভঙ্গের দায়ে বিভিন্ন দেশের নারী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭
ওমানের মাসকাট গভর্নরেট এলাকায় কয়েকজন প্রবাসী নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। তাদের বিরুদ্ধে জনসমক্ষে শালীনতাবিরোধী পোশাক পরিধান ও আচরণের প্রমাণ পাওয়া গেছে, যা দেশটির সামাজিক রীতি ও জনসাধারণের শালীনতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে বিবেচিত হয়েছে। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে শ্রম আইন এবং রেসিডেন্সি বা বসবাসের নিয়ম ভঙ্গের অভিযোগও আনা হয়েছে। তবে ঠিক কতজন নারীকে আটক করা হয়েছে বা তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। বর্তমানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
ওমানের আইনে শালীনতাবিরোধী আচরণের শাস্তি অত্যন্ত কঠোর। এ ধরনের অপরাধের জন্য এক থেকে তিন মাস পর্যন্ত জেল, ১০০ থেকে ৩০০ ওমানি রিয়াল জরিমানা, অথবা একই সঙ্গে জেল ও জরিমানা দুই ধরনের শাস্তিই হতে পারে। এমনকি সন্দেহজনক কোনো আচরণ দেখলে সাধারণ মানুষও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে পারেন। তাই ওমানে থাকা প্রবাসী ও পর্যটকদের জন্য দেশটির পোশাক, আচরণ, সংস্কৃতি, আবাসন আইন এবং শ্রম আইন সম্পর্কে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ।
logo-1-1740906910.png)