বাহরাইনে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে আবারো বড় অভিযান চালিয়েছে দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি। মাত্র এক মাসেই দেশটি থেকে ৪২০ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির শ্রম সংস্থা জানিয়েছে, জুলাই মাসজুড়ে দেশটির চারটি গভর্নরেটে ৩ হাজার ৪৪৯টি পরিদর্শন এবং ১৮৪টি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১১৪ জন অবৈধ শ্রমিককে আটক করা হয় এবং পরে ৪২০ জন অবৈধ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে।
সবচেয়ে বেশি অভিযান চালানো হয়েছে রাজধানী গভর্নরেটে। এছাড়া মুহাররাক, নর্দার্ন এবং সাউদার্ন গভর্নরেটেও একাধিক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে পুলিশ, ইমিগ্রেশন, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করেছে। দেশটির শ্রম সংস্থা আরো জানিয়েছে, অবৈধ শ্রমিক নিয়োগ, ভিসার অপব্যবহার এবং শ্রম আইনের লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও আরো কঠোর অভিযান চালানো হবে।
কারণ এসব অনিয়ম দেশের শ্রমবাজার, অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩৮ হাজার পরিদর্শন পরিচালনা করা হয়েছে।
এ সময় ৪ হাজারের বেশি অনিয়মিত শ্রমিককে আটক এবং ১৪ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
logo-1-1740906910.png)