মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৬ আগস্ট ২০২৬
বাহরাইন থেকে ৪২০ জন বিদেশি কর্মী বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৫:৫০
বাহরাইন
বাহরাইন থেকে ৪২০ জন বিদেশি কর্মী বহিষ্কার
বাহরাইনে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে আবারো বড় অভিযান চালিয়েছে দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি। মাত্র এক মাসেই দেশটি থেকে ৪২০ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির শ্রম সংস্থা জানিয়েছে, জুলাই মাসজুড়ে দেশটির চারটি গভর্নরেটে ৩ হাজার ৪৪৯টি পরিদর্শন এবং ১৮৪টি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১১৪ জন অবৈধ শ্রমিককে আটক করা হয় এবং পরে ৪২০ জন অবৈধ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযান চালানো হয়েছে রাজধানী গভর্নরেটে। এছাড়া মুহাররাক, নর্দার্ন এবং সাউদার্ন গভর্নরেটেও একাধিক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে পুলিশ, ইমিগ্রেশন, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করেছে। দেশটির শ্রম সংস্থা আরো জানিয়েছে, অবৈধ শ্রমিক নিয়োগ, ভিসার অপব্যবহার এবং শ্রম আইনের লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও আরো কঠোর অভিযান চালানো হবে। কারণ এসব অনিয়ম দেশের শ্রমবাজার, অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩৮ হাজার পরিদর্শন পরিচালনা করা হয়েছে। এ সময় ৪ হাজারের বেশি অনিয়মিত শ্রমিককে আটক এবং ১৪ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি আরব
সৌদিতে গৃহকর্মীর চাকরির নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা
সৌদি আরবে প্রবাসীদের চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এখন থেকে কোম্পানিতে কর্মরত বিদেশি শ্রমিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে কোম্পানি থেকে সরাসরি ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নতুন একটি ইলেকট্রনিক সেবা চালু করেছে, যার মাধ্যমে যোগ্য বিদেশি কর্মীরা কোম্পানির চাকরি ছেড়ে ব্যক্তিগত নিয়োগকর্তার কাছে গৃহকর্মী বা ডমেস্টিক ওয়ার্কার হিসেবে বৈধভাবে চাকরি বদলাতে পারবেন।তবে এই সুবিধা পেতে কয়েকটি শর্ত মানতে হবে। কর্মীর অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে। এছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল বা অন্যান্য বিশেষায়িত পেশায় কর্মরত হতে পারবেন না। একই সঙ্গে যে পেশায় স্থানান্তর করা হবে, সেটি অবশ্যই সৌদির অনুমোদিত ডমেস্টিক ওয়ার্ক শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। আবেদনের সময় আগের প্রতিষ্ঠানের চেম্বার অব কমার্সে সত্যায়িত অনাপত্তিপত্র, নতুন নিয়োগকর্তার আয়ের প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট, কর্মীর ইকামার কপি এবং নতুন নিয়োগকর্তার প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে হবে। কর্তৃপক্ষ বলছে, নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো শ্রমবাজারকে আরো সুশৃঙ্খল করা, কর্মীদের স্থানান্তর প্রক্রিয়া সহজ করা এবং নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানো। পুরো প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফলে আগের তুলনায় সময় ও জটিলতা দুটিই কমবে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে পার্টটাইম জব অফার নিয়ে জালিয়াতি
আমিরাতে ভুয়া পার্ট-টাইম চাকরির বিজ্ঞাপন নিয়ে নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপে আকর্ষণীয় বেতনের পার্ট-টাইম চাকরির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। প্রথমে তারা সহজ কাজের বিনিময়ে মোটা অঙ্কের আয়ের প্রতিশ্রুতি দেয়। এরপর চাকরি নিশ্চিত হওয়ার কথা বলে ভুক্তভোগীর নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অথবা নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে বলে।একটি ঘটনায় দেখা গেছে, এক তরুণকে একটি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চাকরির প্রলোভন দেওয়া হয়। পরে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেই অর্থ অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে বলা হয়। প্রতিবার টাকা পাঠানোর বিনিময়ে তাকে কমিশনের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে তদন্তে জানা যায়, সেই অর্থ ছিল প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা। আর অজান্তেই ওই তরুণ একটি অপরাধচক্রের হয়ে কাজ করছিল।
দুবাই পুলিশ বলছে, এ ধরনের প্রতারণার মাধ্যমে শুধু টাকা হাতিয়ে নেওয়াই নয়, অনেক সময় ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে মানি লন্ডারিংসহ বিভিন্ন আর্থিক অপরাধও সংঘটিত হয়। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
কুয়েত
কুয়েতে ইকামার নিয়ম ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার
কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে আবারো বড় অভিযান চালানো হয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে ৫৬ জনকে আটক করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জাহরা, শুয়ুখ, ফাহাহিল শিল্প এলাকা এবং ফারওয়ানিয়ায় পরিচালিত বিশেষ অভিযানে শ্রম আইন ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে রয়েছে ১৭ জন বিভিন্ন বেসরকারি খাতের রেসিডেন্সি নিয়ম ভঙ্গ করেছেন। এছাড়া ২৪ জন গৃহকর্মী ভিসার অনিয়মে জড়িত ব্যক্তি, ৩ জন পারিবারিক ভিসা লঙ্ঘনকারী, একজন পলাতক গৃহকর্মী ভিসাধারী এবং একটি এন্ট্রি ভিসা লঙ্ঘনের ঘটনাও শনাক্ত করা হয়েছে। অভিযানে আরো ১০ জন অপ্রাপ্তবয়স্ককেও পাওয়া গেছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক সবাইকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তারা কোন কোন দেশের প্রবাসী তা জানানো হয়নি।
ওমান
ওমানে ডিউটি ফ্রি পণ্যের তালিকা জানাল কর্তৃপক্ষ
ওমানে যেতে আগ্রহীদের জন্য নতুন করে ডিউটি ফ্রি পণের তালিকা প্রকাশ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সেই সাথে ভ্রমণকারীদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ওমানে প্রবেশের সময় ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র এবং উপহার ডিউটি ফি ছাড়াই নিয়ে যাওয়া যাবে। তবে এসব পণ্যের মোট মূল্য ৩০০ ওমানি রিয়ালের বেশি হওয়া যাবে না। এছাড়া পণ্যগুলো অবশ্যই ব্যক্তিগত ব্যবহারের জন্য হতে হবে। কোনোভাবেই বাণিজ্যিক পরিমাণে আনা যাবে না।এদিকে সিগারেট বহনের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে একজন যাত্রী সর্বোচ্চ ৪০০টি সিগারেট শুল্কমুক্তভাবে আনতে পারলেও নতুন নিয়মে সেই সীমা কমিয়ে ২০০টি সিগারেট করা হয়েছে। এর বেশি হলে অতিরিক্ত অংশের জন্য কাস্টমস শুল্ক প্রযোজ্য হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এই শুল্ক ছাড়ের সুবিধা কেবল তাদের জন্য, যারা নিয়মিত সীমান্ত পারাপার করেন না এবং ব্যক্তিগত লাগেজের আড়ালে পণ্য ব্যবসা করেন না। অর্থাৎ ব্যক্তিগত লাগেজ ব্যবহার করে বাণিজ্যিকভাবে পণ্য আনার সুযোগ বন্ধ করতেই এই নিয়ম আরো কঠোর করা হয়েছে। কাস্টমস ভ্রমণকারীদের অনুরোধ করেছে, ওমানে প্রবেশের আগে নতুন নিয়মগুলো ভালোভাবে জেনে নিতে। এতে বিমানবন্দর বা সীমান্তে অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে দ্রুত কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
logo-1-1740906910.png)