ওমরাহ ভিসায় বাধ্যতামূলক ফুড ভাউচারের খরচ কত হবে? আর তা দিতে গেলে বাংলাদেশ থেকে যেতে চাওয়া একজন ওমরাহ হাজির মোটের ওপর খরচ কত বাড়তে পারে?
সৌদি আরব ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে, যা বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে। আগামী ১ রবিউল আউয়াল মানে এ বছর আগস্টের মাঝামাঝি থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহযাত্রীদের ভিসা নিতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। এতে প্রতিদিন প্রায় ২০ সৌদি রিয়াল খরচ হবে, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে।
এই নতুন নিয়ম কার্যকর হলে বাংলাদেশি ওমরাহযাত্রীদের সফরের মোট খরচ বাড়বে। ১০ দিনের সফরে একজন যাত্রীকে শুধু খাবারের জন্যই প্রায় ২০০ রিয়াল বা সাড়ে ছয় হাজার টাকার বেশি দিতে হবে। আর চার সদস্যের একটি পরিবারের খরচ দাঁড়াবে প্রায় ৮০০ রিয়াল বা কমপক্ষে ২৫ হাজার টাকা। ফলে ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে প্যাকেজ ঠিক করতে হবে।
সৌদি সরকার অবশ্য বলছে, এ উদ্যোগের ফলে ওমরাহযাত্রীদের অভিজ্ঞতা আরো উন্নত হবে। খাবার সরবরাহে বিশৃঙ্খলা কমবে এবং অনুমোদিত রেস্তোরাঁগুলোতে ব্যবসার সুযোগ বাড়বে।
কিন্তু বাংলাদেশি যাত্রীদের জন্য এটির মানে হলো ভিসার খরচের সঙ্গে প্রতিদিনের খাবারের ব্যয় আগেই পরিশোধ করতে হবে।
logo-1-1740906910.png)