Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ আগস্ট ২০২৬

আবুধাবিতে গাড়িতে অতিরিক্ত যাত্রীবোঝাই করলে জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৮:০৭

আবুধাবিতে গাড়িতে অতিরিক্ত যাত্রীবোঝাই করলে জরিমানা

বাহরাইন

বাহরাইনে ময়লার বিনের রক্ষণাবেক্ষণ নিয়ে সতর্কতা

বাহরাইনে খোলা ডাস্টবিন নিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।দেশটির জনস্বাস্থ্য ও পেস্ট কন্ট্রোল বিশেষজ্ঞ খালিদ আল বরশাইদ বলেছেন, দীর্ঘ সময় ধরে ডাস্টবিনের ঢাকনা খোলা থাকলে তা ইঁদুর, মাছি, তেলাপোকা এবং বিড়ালের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। আর এসবের মাধ্যমে বিভিন্ন জীবাণু ছড়িয়ে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে। দেশটির বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, অনেক সময় বিড়াল ময়লার ব্যাগ ছিঁড়ে আবর্জনা রাস্তায় ছড়িয়ে দেয়। এতে শুধু দুর্গন্ধই ছড়ায় না, পুরো এলাকা নোংরা হয়ে পড়ে এবং রোগ ছড়ানোর আশঙ্কাও বেড়ে যায়। এছাড়া ডাস্টবিনের বাইরে ময়লা ফেলে রাখা, ব্যাগের মুখ খোলা রাখা কিংবা নির্ধারিত সময়ের বাইরে আবর্জনা ফেলার মতো অভ্যাস পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। খালিদ আল বরশাইদ  আরো বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, বাসিন্দাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই সবাইকে ময়লা নির্ধারিত ডাস্টবিনে ফেলতে, ঢাকনা ভালোভাবে বন্ধ রাখতে এবং নির্ধারিত সময় মেনে বর্জ্য অপসারণের আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া স্কুল, রেস্টুরেন্ট, বাজার কিংবা শিশুদের খেলাধুলার জায়গার খুব কাছাকাছি ডাস্টবিন না রাখার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরব

সৌদি আরব বিনিয়োগকারীদের দেবে জমির আংশিক মালিকানা

সৌদিতে বেসরকারি বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যবস্থা চালু করা হয়েছে, যা আবাসন খাতের বিনিয়োগকে আরো গতিশীল করবে। সৌদি মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিনিয়োগকারীরা পরিকল্পিত জমিতে আবাসন প্রকল্প নির্মাণ করতে পারবেন। এর বিনিময়ে তারা প্রকল্পের জমির একটি নির্দিষ্ট অংশের মালিকানা পাবেন। সৌদি সরকারের লক্ষ্য হলো উন্নয়নমূলক আবাসন প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং দ্রুত আরো বেশি মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করা। নতুন এই ব্যবস্থায় সরকার প্রয়োজনীয় জমি বরাদ্দ দেবে, আর বিনিয়োগকারীরা সেখানে আবাসিক ইউনিট নির্মাণ করবেন। প্রকল্প শেষ হলে নির্ধারিত সংখ্যক বাড়ি উন্নয়নমূলক আবাসন কর্মসূচির সুবিধাভোগীদের কাছে দিয়ে দেওয়া হবে। এর বিনিময়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠান জমির একটি অংশের মালিকানা লাভ করবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ একদিকে যেমন আবাসন সংকট কমাতে সহায়তা করবে, অন্যদিকে বেসরকারি খাতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং নির্মাণ শিল্পে গতি আনবে। পাশাপাশি সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া একই বৈঠকে সৌদি মন্ত্রিসভা অনিবন্ধিত রিয়েল এস্টেট লেনদেন বৈধ করার সময়সীমাও আরো এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে সম্পত্তি-সংক্রান্ত নথিপত্র সঠিকভাবে হালনাগাদ করা যায়।

সংযুক্ত আরব আমিরাত

আবুধাবিতে গাড়িতে অতিরিক্ত যাত্রীবোঝাই করলে জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গাড়ির নির্ধারিত সিটের চেয়ে বেশি যাত্রী বহন করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শুধু আইন লঙ্ঘনই নয়, এটি যাত্রীদের জীবনের জন্যও বড় ঝুঁকি তৈরি করে। দুর্ঘটনা ঘটলে অতিরিক্ত যাত্রীদের অনেকেরই সিটবেল্ট ব্যবহার করার সুযোগ থাকে না, ফলে গুরুতর আহত হওয়া বা প্রাণহানির আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত যাত্রী থাকলে চালকের গাড়ির ওপর নিয়ন্ত্রণও কমে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়িয়ে তোলে।আবুধাবি পুলিশ স্পষ্ট জানিয়েছে, কেউ যদি গাড়ির অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করেন, তাহলে তাকে ৫০০ দিরহাম জরিমানা, ড্রাইভিং লাইসেন্সে ৪টি ব্ল্যাক পয়েন্ট এবং ৭ দিনের জন্য গাড়ি জব্দ করার শাস্তির মুখোমুখি হতে হবে।

পুলিশ আরো বলেছে, প্রতিটি যাত্রীকে অবশ্যই নির্ধারিত আসনে বসতে হবে এবং সিটবেল্ট ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না। 

ওমান

ওমানে তপ্ত মৌসুম শুরু

ওমানে পুরো আগস্টজুড়ে বাড়তে পারে তাপমাত্রা, কমতে পারে বৃষ্টিপাত- এমনই পূর্বাভাস দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটির ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসজুড়ে ওমানের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকবে। একই সময়ে গড় বৃষ্টিপাত কম হতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই পূর্বাভাস শুধু আগস্টের জন্য নয়; আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাসের সম্ভাব্য আবহাওয়ার একটি প্রাথমিক চিত্রও এতে তুলে ধরা হয়েছে। এর উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসিন্দাদের আগাম প্রস্তুতি নিতে সহায়তা করা। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এটি একটি মৌসুমি পূর্বাভাস। তাই প্রতিদিনের আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি আবহাওয়া বুলেটিন অনুসরণ করা জরুরি। কারণ পরিস্থিতি অনুযায়ী আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি ব্যবস্থাপনা, কৃষি, নির্মাণকাজ এবং বাইরে কর্মরত শ্রমিকদের ওপর প্রভাব পড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া রোদে দীর্ঘ সময় না থাকা, পর্যাপ্ত পানি পান করা এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কুয়েত

কুয়েতের ফারওয়ানিয়ায় খাদ্য তৈরি কারখানায় অভিযান

কুয়েতে আবারো অবৈধ বাসাবাড়িভিত্তিক খাবার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন। অভিযানের সময় একটি বাড়িতে অবৈধভাবে পরিচালিত খাদ্য উৎপাদন ও বিক্রির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ ছিল, ওই বাসা থেকেই কোনো অনুমতি ছাড়াই খাবার তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযানে গিয়ে কর্মকর্তারা একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পান। এর মধ্যে ছিল বৈধ স্বাস্থ্য লাইসেন্স ছাড়াই খাদ্য উৎপাদন, লাইসেন্স ছাড়া কর্মী দিয়ে খাবার তৈরি ও বিক্রি এবং খাদ্য নিরাপত্তার বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি লঙ্ঘন। এসব অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ব্যক্তিগত বাসাবাড়িকে অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে খাবার উৎপাদন ও বিক্রির কাজে ব্যবহার করা আইনবিরোধী। সবচেয়ে বড় বিষয় হলো, এ ধরনের কার্যক্রম ভোক্তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। ফলে বাসাবাড়িতে খাবার তৈরি করে বাণিজ্যিকভাবে সরবরাহের বিরুদ্ধে সচেতন থাকতে হবে প্রবাসীদের। 

Logo