Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা চূড়ান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:৫৪

আমিরাতে ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা চূড়ান্ত

সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হয়ে যাওয়ার ঘটনায় কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যেই ভিসা বাতিল হওয়া ৯৮৫ জন প্রবাসীর তালিকা আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ভিসা বাতিলের খবর প্রকাশের পর থেকেই ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে ইমেইলের মাধ্যমে তথ্য সংগ্রহ শুরু হয়। যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে এসব তথ্য আমিরাত সরকারের কাছে পাঠানো হচ্ছে। ৩ আগস্ট পর্যন্ত ৯৮৫ জনের তথ্য কূটনৈতিক নোট আকারে পাঠানো হয়েছে। নোটে ভিসা বাতিলের কারণ, পুনরায় ভিসা সক্রিয় করার সম্ভাব্য প্রক্রিয়া এবং বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের ব্যবসা, ব্যাংক হিসাব বা অন্যান্য সম্পদের বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, প্রায় আড়াই হাজার আবেদন পাওয়া গেছে। যাচাই শেষে এখন পর্যন্ত ৯৮৫ জনের তথ্য পাঠানো হয়েছে, নতুন আবেদনও পর্যায়ক্রমে পাঠানো হবে। তবে দূতাবাস স্পষ্ট করেছে, ডেটাবেজে নাম অন্তর্ভুক্ত হওয়া মানেই ভিসা পুনর্বহালের নিশ্চয়তা নয়। ভিসা পুনরায় সক্রিয় করার ক্ষমতা একমাত্র আমিরাত সরকারের।

এদিকে হঠাৎ বিপুলসংখ্যক প্রবাসীর ভিসা বাতিলের খবর ছড়িয়ে পড়ায় দেশে ছুটিতে থাকা অনেক বাংলাদেশির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে আসা অনেকেই নির্ধারিত সময়ের আগেই আমিরাতে ফেরার চেষ্টা করছেন। কেউ কেউ কয়েক গুণ বেশি ভাড়ায় বিমান টিকেট কিনেছেন কিংবা অতিরিক্ত অর্থ দিয়ে টিকেট পরিবর্তন করেছেন।

ভিসা বাতিলের কারণ নিয়ে আমিরাত সরকার আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন কারণে ভিসা বাতিল হয়ে থাকতে পারে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের অনুমোদিত কোটার বেশি কর্মী নিয়োগ, কর্মীর ভিসার পেশা ও বাস্তব কাজের মধ্যে অমিল, ওয়েজ প্রোটেকশন সিস্টেমের শর্ত লঙ্ঘন, প্রতিষ্ঠানের লাইসেন্স বা কার্যক্রমে জটিলতা, বিনিয়োগকারী ভিসা নিয়ে শ্রমিক হিসেবে কাজ করা, সনদ জালিয়াতি, সামাজিক মাধ্যমে আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং বিভিন্ন অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ।

তিনি আরো বলেন, আমিরাতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেইস রিকগনিশন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই আইন ও বিধিবিধান মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশিদের তুলনায় পাকিস্তানি নাগরিকরা এ ধরনের সমস্যায় আরো বেশি পড়েছেন।

বাংলাদেশ দূতাবাস আশ্বস্ত করেছে, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার জন্য কূটনৈতিক পর্যায়ে চেষ্টা অব্যাহত থাকবে।

Logo