কাতার সরকার বিদেশি বাসিন্দাদের জন্য নতুন ধরনের বিশেষ ওয়ার্ক পারমিট চালু করেছে। এ পারমিটের সবচেয়ে বড় সুবিধা হলো, আবেদনকারীদের কোনো ফি দিতে হবে না। ফলে যারা আগে আর্থিক কারণে চাকরির বাজারে প্রবেশে বাধার মুখে পড়তেন, তাদের জন্য নতুন পথ খুলে গেল।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, এ বিশেষ পারমিট মূলত তাদের জন্য, যারা ইতোমধ্যেই কাতারে বসবাস করছেন। বিশেষ করে পরিবার স্পন্সরশিপে থাকা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, বিনিয়োগকারী এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নাগরিকরা এ সুবিধা পাবেন।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই সক্রিয় জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং তাদের রেসিডেন্স পারমিট কমপক্ষে তিন মাস মেয়াদে বৈধ থাকতে হবে। এ শর্ত পূরণ করলেই তারা বিনা ফিতে বিশেষ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন।
নতুন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো, আবেদনকারীদের বর্তমান রেসিডেন্স ভিসার ধরন পরিবর্তন করতে হবে না। অর্থাৎ পরিবার স্পন্সরশিপ বা বিনিয়োগকারী ভিসায় যারা আছেন, তারা সেই ভিসা বজায় রেখেই চাকরির বাজারে প্রবেশ করতে পারবেন। একবার পারমিট পাওয়া গেলে তারা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। তবে একাধিক নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ থাকবে না।
কাতার সরকার বলছে, এ উদ্যোগ শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াবে এবং যারা দীর্ঘদিন ধরে পরিবার বা বিনিয়োগের মাধ্যমে কাতারে বসবাস করছেন, তাদের জন্য আনুষ্ঠানিকভাবে কাজ করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে এটি প্রশাসনিক প্রক্রিয়া সহজ করবে এবং ডিজিটাল সেবার প্রসার ঘটাবে।
বিশ্লেষকরা মনে করছেন, বিনা ফিতে ওয়ার্ক পারমিট চালু হওয়ায় অনেক বাসিন্দা চাকরির বাজারে প্রবেশে উৎসাহিত হবেন। বিশেষ করে পরিবার স্পন্সরশিপে থাকা তরুণরা পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ পাবেন। বিনিয়োগকারীরাও তাদের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে অংশ নিতে পারবেন।
logo-1-1740906910.png)