বাহরাইনের ইসা টাউনে ছুরির মুখে এক এশীয় ডেলিভারি রাইডারের মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ৪৩ বছর বয়সী এক বাহরাইনি নাগরিকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আদালতে দেওয়া বক্তব্যে ২১ বছর বয়সী পাকিস্তানি ডেলিভারি রাইডার জানান, গত এপ্রিল মাসে বিকেল ৪টার দিকে তিনি একটি অর্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন।
ঠিকানা ভুল হওয়ায় তিনি গ্রাহকের সঙ্গে ফোনে যোগাযোগ করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার কাছে এসে মোটরসাইকেলটি কিছুক্ষণ চালানোর জন্য চান। কিন্তু ডেলিভারি রাইডার ব্যস্ততার কথা জানিয়ে রাজি না হলে অভিযুক্ত ব্যক্তি পকেট থেকে একটি ছুরি বের করে তাকে ভয়ভীতি দেখায়।প্রাণের ভয়ে রাইডার মোটরসাইকেল থেকে সরে গেলে অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলে তদন্তের মাধ্যমে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়।
পুলিশ ছবি দেখালে ডেলিভারি রাইডারও অভিযুক্তকে শনাক্ত করেন। এরপর তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও অপরাধের রেকর্ড রয়েছে।বর্তমানে মামলাটি হাই ক্রিমিনাল কোর্টে বিচারাধীন। আগামী ১০ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেখানে অভিযুক্তকে আদালতে হাজির করা হবে। এই ঘটনার পর বাহরাইনে ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।
logo-1-1740906910.png)