Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৪ আগস্ট ২০২৬

কুয়েতে প্রবাসীদের ডিজিটাল সই সক্রিয় করতে বলা হয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৫:৪১

কুয়েতে প্রবাসীদের ডিজিটাল সই সক্রিয় করতে বলা হয়েছে

বাহরাইন

বাহরাইনে বাইক ছিনতাইয়ের অভিযোগে একজন কাঠগড়ায় 

বাহরাইনের ইসা টাউনে ছুরির মুখে এক এশীয় ডেলিভারি রাইডারের মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে ৪৩ বছর বয়সী এক বাহরাইনি নাগরিকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আদালতে দেওয়া বক্তব্যে ২১ বছর বয়সী পাকিস্তানি ডেলিভারি রাইডার জানান, গত এপ্রিল মাসে বিকেল ৪টার দিকে তিনি একটি অর্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন। ঠিকানা ভুল হওয়ায় তিনি গ্রাহকের সঙ্গে ফোনে যোগাযোগ করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তার কাছে এসে মোটরসাইকেলটি কিছুক্ষণ চালানোর জন্য চান। কিন্তু ডেলিভারি রাইডার ব্যস্ততার কথা জানিয়ে রাজি না হলে অভিযুক্ত ব্যক্তি পকেট থেকে একটি ছুরি বের করে তাকে ভয়ভীতি দেখায়।প্রাণের ভয়ে রাইডার মোটরসাইকেল থেকে সরে গেলে অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করলে তদন্তের মাধ্যমে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পুলিশ ছবি দেখালে ডেলিভারি রাইডারও অভিযুক্তকে শনাক্ত করেন। এরপর তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও অপরাধের রেকর্ড রয়েছে।বর্তমানে মামলাটি হাই ক্রিমিনাল কোর্টে বিচারাধীন। আগামী ১০ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেখানে অভিযুক্তকে আদালতে হাজির করা হবে। এই ঘটনার পর বাহরাইনে ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে।

সৌদি আরব

সৌদির মক্কা ও মদিনা স্থান পেল বিশ্বের টপ সিটিতে

সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনা বিশ্বের সবচেয়ে বেশি বিদেশি দর্শনার্থী আসা শহরের তালিকায় ৫ম এবং মদিনা ৭ম স্থানে রয়েছে। দেশটির প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, এক বছরে বিদেশ থেকে ১ কোটি ৯৫ লাখের বেশি হজ ও ওমরাহ যাত্রী সৌদি আরবে এসেছেন। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ ৩০ হাজার ওমরাহ যাত্রী এবং ১৫ লাখ হজযাত্রী রয়েছেন। ২০২২ সালের তুলনায় ওমরাহ যাত্রীর সংখ্যা ১১৪ শতাংশ বেড়েছে। হজ ও ওমরাহ সেবায় সন্তুষ্টির হারও ছিল অনেক বেশি। হজযাত্রীদের ৯১ শতাংশ এবং ওমরাহ যাত্রীদের ৯৪ শতাংশ সেবায় সন্তুষ্ট বলে জানিয়েছেন। এটি সৌদি ভিশন ২০৩০-এর নির্ধারিত লক্ষ্যকেও ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মসজিদে নববীর রওজা শরিফে এক বছরে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ জিয়ারত করেছেন। সেখানে দর্শনার্থীদের সন্তুষ্টির হার বেড়ে ৮৮ শতাংশে পৌঁছেছে। হজ ও ওমরাহ সেবাকে আরো সহজ করতে সৌদি আরব ৮৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি ১ লাখ ৮৪ হাজারের বেশি স্বেচ্ছাসেবক হজ ও ওমরাহ যাত্রীদের সেবায় কাজ করেছেন। এসব তথ্য ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ নগরীতে আসার হাজিদের কারণও নির্দেশ করে। সৌদি আরবের সরকার বলছে, হজ ও ওমরাহ যাত্রীদের ভ্রমণ আরো সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে ভবিষ্যতেও আধুনিক সেবা ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে বন্ধ করে দেওয়া হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

আমিরাতের দুবাইয়ে ২০২৬ সালে ১০৩টি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে পুলিশ। এসব অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম, স্ক্যাম ও অনলাইন অর্থ জালিয়াতির মতো অপরাধের জন্য ব্যবহৃত হতো বলে প্রমাণ পাওয়া গেছে। এমনই তথ্য জানিয়েছে দুবাই পুলিশ। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দাভিত্তিক তদন্ত, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং বিভিন্ন সংস্থার সমন্বিত কাজের ফলেই অপরাধ কমাতে সফল হয়েছে তারা। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন প্রচারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে মানুষকে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলা হতো। এছাড়া অপরাধ দমনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরো বাড়ানো হয়েছে। এখন এআইর মাধ্যমে অপরাধের তথ্য বিশ্লেষণ, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত এবং ভবিষ্যতে অপরাধ ঘটার সম্ভাবনা আগেই চিহ্নিত করার কাজ করছে পুলিশ। দুবাই পুলিশ বাসিন্দাদের সতর্ক করে বলেছে, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি বা পাসওয়ার্ড কখনোই শেয়ার না করতে। সেই সাথে পুলিশ আরো সতর্ক করেছে, অনলাইন প্রতারণা কমলেও সতর্ক থাকার বিকল্প নেই। অচেনা লিংক, ভুয়া অফার বা সন্দেহজনক বিনিয়োগ থেকে দূরে থাকতে এবং নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

ওমান

ওমানে কমতে পারে স্বর্ণের দাম, আরো দরপতনের আভাস

ওমানে গোল্ডের দামে বড় ধরনের পতনের আশঙ্কার কথা জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে জানুয়ারির সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণের দাম প্রায় ৩৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে মুদ্রার ওঠানামা, বিশেষ করে জাপানি ইয়েনের শক্তিশালী অবস্থান, স্বর্ণের দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে।সাধারণত ডলারের শক্তি, সুদের হার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে গোল্ডের দামের বড় সম্পর্ক থাকে। যখন বিনিয়োগকারীরা অন্য মুদ্রা বা সম্পদের দিকে ঝুঁকেন, তখন  এই মূল্যবান ধাতবটির দামে বড় পরিবর্তন দেখা দিতে পারে। তবে বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, রাজনৈতিক সংকট বা মুদ্রাস্ফীতির চাপ বাড়লে স্বর্ণ আবারো নিরাপদ বিনিয়োগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ভবিষ্যতে স্বর্ণের দাম কমবে নাকি আবারো বাড়বে, তা নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতির গতিপথ এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্তের ওপর।

কুয়েত

কুয়েতে প্রবাসীদের ডিজিটাল সই সক্রিয় করতে বলা হয়েছে

কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন। কর্তৃপক্ষ সবাইকে দ্রুত ডিজিটাল বা ইলেকট্রনিক সিগনেচার একটিভ করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে সরকারি ও ব্যাংকিং-সংক্রান্ত অনেক সেবা ঘরে বসেই নেওয়া যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল সিগনেচারের মাধ্যমে কাগজে স্বাক্ষর করা বা অফিসে সরাসরি উপস্থিত না হয়েও মোবাইল বা অন্য ডিভাইস থেকে বিভিন্ন নথি ও লেনদেন অনুমোদন করা যাবে। আইন অনুযায়ী এই ডিজিটাল স্বাক্ষরেরও পূর্ণ আইনি বৈধতা থাকবে। এটি ব্যবহার করে ভবিষ্যতে অনলাইনে পাওয়ার অব অ্যাটর্নি ইস্যু বা বাতিল, বিভিন্ন আইনি নথি নোটারাইজ, কোম্পানি নিবন্ধন, বাণিজ্যিক লাইসেন্সের আবেদন, এমনকি কিছু ব্যাংকিং সেবা ও চুক্তিও অনলাইনে সম্পন্ন করা যাবে। প্রবাসীরা দেশের বিভিন্ন স্থানে থাকা নির্ধারিত সেলফ-সার্ভিস মেশিনে গিয়ে এই সেবা সক্রিয় করতে পারবেন। কর্তৃপক্ষের মতে, এখনই ডিজিটাল সিগনেচার চালু করলে ভবিষ্যতে নতুন সরকারি ও ব্যাংকিং সেবা গ্রহণ করা আরো সহজ, দ্রুত এবং নিরাপদ হবে। 

Logo