মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩ আগস্ট ২০২৬
বাহরাইনের ইসা টাউনে বাড়ানো হচ্ছে পার্কিং লট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৪:১৩
বাহরাইন
বাহরাইনের ইসা টাউনে বাড়ানো হচ্ছে পার্কিং লট
বাহরাইনের জনপ্রিয় ইসা টাউন মার্কেটে ৫০০টিরও বেশি নতুন পার্কিং স্পেস নির্মাণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। মার্কেট এরিয়ার যানজট কমাতে এবং ক্রেতাদের সুবিধা বাড়াতে নেওয়া হয়েছে বড় উন্নয়ন পরিকল্পনা। পরিকল্পনার অংশ হিসেবে ৫০০টিরও বেশি নতুন পার্কিং স্পেস নির্মাণ করা হবে। এর ফলে ক্রেতাদের গাড়ি পার্ক করা সহজ হবে, যানজট কমবে এবং স্থানীয় ব্যবসায়ও গতি আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই প্রকল্পের আওতায় রামেজ শপিং সেন্টার এলাকা বাড়ানো, বাজারের ভেতরের পুরোনো বৈদ্যুতিক তার পরিবর্তন, নতুন আলোকসজ্জা, এবং বেসরকারি বিনিয়োগের জন্য নতুন জায়গা তৈরির পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি সবুজায়ন বাড়াতে বাজারকে ট্রিটেড ওয়াটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারের দোকানগুলোর বৈদ্যুতিক সংযোগ, অগ্নিনিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আরো নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইসা টাউনকে বাহরাইনের অন্যতম প্রধান কেনাকাটা ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আরো শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে বাসিন্দা, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী সবাই উপকৃত হবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।
সৌদি আরব
সৌদিতে অবৈধদের বিরুদ্ধে অভিযান, বহিষ্কার ১২ হাজারের বেশি
সৌদি আরবে রেসিডেন্সি, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দেশজুড়ে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এক সপ্তাহের অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জনকে আটক করা হয়। এসব অভিযান পরিচালনা করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে সৌদি থেকে নিজ দেশে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ১০৩ জন রেসিডেন্সি আইন ভঙ্গকারী, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন ভঙ্গকারী রয়েছেন। এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে অনেককে ভ্রমণ নথি সংগ্রহ ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে আগস্টের আবহাওয়া কেমন যাবে জানাল এনএমসি
সংযুক্ত আরব আমিরাতে আগস্ট মাসজুড়ে তীব্র গরম, বাড়তি আর্দ্রতা এবং কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি। আবহাওয়াবিদদের মতে, জুলাইয়ের মতো আগস্টেও দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪৭ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে অভ্যন্তরীণ মরুভূমি এলাকায় গরমের তীব্রতা বেশি থাকবে। এছাড়া আগস্টের দ্বিতীয়ার্ধে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরো বেড়ে যেতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় গরম আরো অস্বস্তিকর অনুভূত হবে। উপকূলীয় এলাকায় উচ্চ আর্দ্রতার কারণে 'ফিলস লাইক' তাপমাত্রাও অনেক বেশি হতে পারে। তবে স্বস্তির খবরও রয়েছে। পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বিকেলের দিকে ভারী মেঘের কারণে বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় দমকা হাওয়া ও ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের দুপুরের প্রচণ্ড রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং বাইরে কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও বাইরে কর্মরতদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
ওমান
ওমানে চালু হলো ১৪ দিনের পর্যটন ভিসা
ওমান যেতে আগ্রহীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার।দেশটি নতুন ১৪ দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা চালু করেছে। বিদেশি নাগরিকদের জন্য ভ্রমণ আরো সহজ করা এবং পর্যটন খাতকে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচিত কিছু দেশের নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা পাবেন। এই নতুন ভিসা ক্যাটাগরি ওমানের সংশোধিত বিদেশি আবাসন আইনের নির্বাহী বিধিমালায় যুক্ত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ১৪ দিনের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজন হলে এটি অন্যান্য ট্যুরিস্ট ভিসায় পরিবর্তন করা যাবে। তবে সে ক্ষেত্রে নির্ধারিত শর্ত, প্রক্রিয়া এবং প্রযোজ্য ফি অনুসরণ করতে হবে। নতুন বিধিমালাটি ২ আগস্ট সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে এবং প্রকাশের পরদিন থেকেই কার্যকর হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে স্বল্পমেয়াদি পর্যটক বাড়বে এবং ওমানের পর্যটন খাত আরো গতিশীল হবে। তবে এই সুবিধা সব দেশের নাগরিকদের জন্য নয়। কোন কোন দেশের নাগরিক এই ফ্রি ১৪ দিনের ভিসা পাবেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলাদাভাবে নির্ধারণ করবে।
কুয়েত
কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি ভিসা খরচ নির্ধারণ
কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি বা ইকামায় রূপান্তরের ক্ষেত্রে নতুন ফি নির্ধারণ করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য ব্যক্তিদের ভিজিট ভিসা রেসিডেন্সি ভিসায় পরিবর্তন করতে এখন থেকে ১৫০ কুয়েতি দিনার ফি দিতে হবে।এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সংশোধিত বিধিমালার মাধ্যমে কার্যকর হয়েছে। তবে গৃহকর্মী এবং একই ধরনের কিছু ক্যাটাগরির কর্মীরা এই ফি থেকে অব্যাহতি পাবেন। তাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফি শুধু যেসব ক্ষেত্রে আইন অনুযায়ী ভিজিট ভিসা রেসিডেন্সিতে পরিবর্তনের অনুমতি রয়েছে, সেসব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ সবার জন্য ভিজিট ভিসা পরিবর্তনের সুযোগ তৈরি করা হয়নি, যোগ্যতার শর্ত আগের মতোই বহাল রয়েছে। নতুন সিদ্ধান্তটি সরকারি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ভিসা বা রেসিডেন্সি সংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে সর্বশেষ সরকারি নিয়ম জেনে নিয়ে এবং প্রয়োজনে নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)