সৌদিতে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান, বহিষ্কার ১২ হাজারের বেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:১২
সৌদি আরবে রেসিডেন্সি, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দেশজুড়ে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এক সপ্তাহের অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জনকে আটক করা হয়। এসব অভিযান পরিচালনা করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে সৌদি থেকে নিজ দেশে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ১০৩ জন রেসিডেন্সি আইন ভঙ্গকারী, ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন ভঙ্গকারী রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৩ জনকে আটক করা হয়েছে।
পাশাপাশি অবৈধ অবস্থানকারীদের পরিবহন, আশ্রয় বা কাজে সহায়তা করার অভিযোগে আরো ১৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে অনেককে ভ্রমণ নথি সংগ্রহ ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, যারা অবৈধ প্রবেশকারীকে সহায়তা করবে, আশ্রয় দেবে বা পরিবহন করবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এমন অপরাধে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং ব্যবহৃত গাড়ি বা সম্পত্তি জব্দের মতো শাস্তি হতে পারে।
logo-1-1740906910.png)