Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে অনলাইনে টাকা বিনিয়োগ, ধরা খেয়েছেন বহু প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:১০

কুয়েতে অনলাইনে টাকা বিনিয়োগ, ধরা খেয়েছেন বহু প্রবাসী

কুয়েতে অনলাইন প্ল্যাটফর্মে টাকা বিনিয়োগ করে ধরা খেয়েছেন দেশটিতে থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। ভুক্তভোগীদের দাবি, ‘ইয়েপবিট’ অ্যাপ এবং ‘বনচ্যাট’ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে বিনিয়োগ করা টাকা তুলতে না পারায় অনেক প্রবাসী উদ্বেগ ও হতাশার মধ্যে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, অনেকেই প্রায় ১ হাজার ৫০০ মার্কিন ডলার বা তারও বেশি অর্থ এই প্ল্যাটফর্মে বিনিয়োগ করেছিলেন। কোনো কোনো প্রবাসী ৩০ হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ করেছিলেন এবং বেশি লাভের আশায় সেই টাকা তোলেননি। কিন্তু এখন সেই টাকার কোনো হদিস পাচ্ছেন না।

এই অ্যাপগুলোতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পিন কোড ব্যবহার করে অ্যাকাউন্টে ডলার যোগ হওয়ার কথা বলা হতো। পাশাপাশি নতুন সদস্য যুক্ত করলে অতিরিক্ত কমিশনের সুযোগ দেওয়ায় অনেক বিনিয়োগকারী নিজেদের বন্ধু, আত্মীয় ও পরিচিতদেরও এই কার্যক্রমে যুক্ত করেন। শুরুতে টাকা উত্তোলন প্রক্রিয়া সহজ হওয়ায় অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তবে এখন ভুক্তভোগীদের অভিযোগ, গত ১০ জুলাই থেকে তারা টাকা তুলতে সমস্যায় পড়ছেন। কেউ আবেদন করেও টাকা পাচ্ছেন না, আবার কারো উত্তোলনের আবেদন দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কুয়েতের প্রবাসী প্রেস ক্লাবের নেতারা সতর্ক করে বলেছেন, প্রতারক চক্র প্রায়ই নতুন নতুন নামে প্রতারণায় নেমে দ্রুত বেশি আয়ের প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলে। কোনো অনলাইন বিনিয়োগে অর্থ দেওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের বৈধতা, লাইসেন্স, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং টাকা উত্তোলনের নিয়ম যাচাই করা জরুরি।

Logo