Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

অ্যাপভিত্তিক ভুয়া বিনিয়োগের ফাঁদে কুয়েত প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:১২

অ্যাপভিত্তিক ভুয়া বিনিয়োগের ফাঁদে কুয়েত প্রবাসীরা

কুয়েতে বসবাসরত বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের হাজার হাজার প্রবাসী একটি অনলাইনভিত্তিক বিনিয়োগ কার্যক্রমে অর্থ বিনিয়োগ করে বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, ‘ইয়েপবিট’ নামে একটি অ্যাপ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ‘বনচ্যাট’ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে বিনিয়োগের অর্থ উত্তোলন করতে না পারায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের দাবি, তারা প্রত্যেকে প্রায় ১ হাজার ৫০০ মার্কিন ডলার বা তারও বেশি অর্থ বিনিয়োগ করেছিলেন। বিনিয়োগের পর প্রতিদিন নির্দিষ্ট সময়ে দুইবার পিন কোড দেওয়া হতো। সেই কোড অ্যাপে কপি-পেস্ট করলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে ডলার যোগ হতো। নতুন সদস্য যুক্ত করার মাধ্যমে অতিরিক্ত কমিশন পাওয়ার সুযোগও ছিল। ফলে অনেকেই পরিচিতজন, বন্ধু ও স্বজনদের যুক্ত করেছেন। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরো বেড়েছে।

কিন্তু গত ১০ জুলাই থেকে আবেদন করেও অনেকেই টাকা তুলতে পারছেন না। প্রথম দিকে নিয়মিতভাবে অর্থ উত্তোলন করা গেলেও পরবর্তী সময়ে উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায় বা দীর্ঘ সময় ধরে প্রক্রিয়াধীন অবস্থায় থাকে। অভিযোগ রয়েছে, হাজার হাজার প্রবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহের পর প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং সংশ্লিষ্টরা আত্মগোপন করেছে।

প্রবাসী আব্দুর রহমান বলেন, “শুরু থেকে সন্দেহ ছিল। আমার পাশের রুমের কয়েকজনকে টাকা তুলতে দেখেছি। পরে বন্ধুর অনুরোধে ১৫শ ডলার বিনিয়োগ করি। আমার অ্যাকাউন্টে ৮০০ ডলার ছিল, ধার করে টাকা দিয়েছিলাম।”

অন্য ভুক্তভোগী সুমন শেট জানান, “আমার অ্যাকাউন্টে প্রায় ৩০ হাজার ডলার ছিল। পরিচিতদের যুক্ত করিয়েছিলাম। প্রথম দিকে টাকা তুলতে পেরেছি। কিন্তু বেশি মুনাফার আশায় তুলিনি। এখন পুরো অর্থ আটকে গেছে। যাদের যুক্ত করিয়েছি, তারা আমাকে দোষারোপ করছে। বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে।”

কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার বলেন, “কোনো অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্মে অর্থ দেওয়ার আগে প্রতিষ্ঠানটির বৈধতা, লাইসেন্স, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং অর্থ উত্তোলনের নিয়ম যাচাই করা জরুরি। কয়েক বছর পরপর প্রতারক চক্র ভিন্ন নামে আসে। আগে এমটিএফ নামে এসেছিল, তখনো টাকা নিয়ে লাপাত্তা হয়েছিল। নতুন সদস্য আনলে বেশি কমিশনের প্রতিশ্রুতি থাকলে বিনিয়োগের আগে খুব সতর্ক থাকা উচিত।”

Logo