দুবাইয়ে গত পাঁচ বছরে ৬ হাজার ৪০টি হারানো জিনিসপত্র প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল ২০ লাখ দিরহামের বেশি মূল্যের একটি হীরার নেকলেস, ১ লাখ ৫০ হাজার দিরহামের একটি রোলেক্স ঘড়ি, দামি গহনা, নগদ অর্থ, মোবাইল ফোন এবং ব্যক্তিগতভাবে মূল্যবান নানা জিনিস।
দুবাই পুলিশের লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগ জানিয়েছে, ২০১৫ সালে চালু হওয়া এই সেবার মাধ্যমে হোটেল, শপিং মল, বিমানবন্দর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাওয়া হারানো জিনিস একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হয়। বর্তমানে প্রায় ১ হাজার ৬০০টি প্রতিষ্ঠানের সঙ্গে এই সেবা যুক্ত করা রয়েছে, যেখানে কোনো ব্যক্তি জিনিস হারালে বা কেউ কোনো হারানো জিনিস পেলে অনলাইনেই তা নিবন্ধন করা যায়।
দুবাই পুলিশ আরো জানিয়েছে, অনেক সময় মালিক বুঝে ওঠার আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে হারানো জিনিস ফেরত দেওয়া হয়। বিদেশে ফিরে যাওয়া পর্যটকদের কাছেও স্মার্ট ডেলিভারি সেবার মাধ্যমে মূল্যবান সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, কোনো জিনিসের আর্থিক মূল্য নয়, বরং মালিকের কাছে তার মানসিক গুরুত্বও সমানভাবে বিবেচনা করা হয়। দুবাই পুলিশের এমন কাজকে কৃতিত্ব হিসেবেই দেখছেন প্রবাসীরা।
logo-1-1740906910.png)