মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ জুলাই ২০২৬
বাহরাইনে স্থানীয়দের চেয়ে প্রবাসীরা পাচ্ছে কম বেতন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৯:২০
বাহরাইন
বাহরাইনে স্থানীয়দের চেয়ে প্রবাসীরা পাচ্ছে কম বেতন
বাহরাইনে বীমার আওতায় থাকা প্রতি ১০ জন প্রবাসী কর্মীর মধ্যে প্রায় ৭ জনের মাসিক বেতন ২০০ বাহরাইনি দিনারেরও কম। আর স্থানীয় বাহরাইনিদের থেকে কম বেতন পাচ্ছে প্রবাসী কর্মীরা। দেশটির সোশ্যাল ইনস্যুরেন্স অর্গানাইজেশনের সর্বশেষ পরিসংখ্যান এমনি তথ্য দিয়েছে। এতে বেরিয়ে এসেছে গড়ে একজন বাহরাইনি কর্মীর মাসিক বেতন ৯৩১ দিনার, যেখানে প্রবাসী কর্মীদের গড় বেতন মাত্র ২৬৯ দিনার। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাহরাইনের সব বীমাভুক্ত প্রবাসী কর্মীই বেসরকারি খাতে কর্মরত। এছাড়া সরকারি খাতের অবসরপ্রাপ্তদের গড় পেনশনও বেসরকারি খাতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই পরিসংখ্যান বাহরাইনে স্থানীয় ও প্রবাসী কর্মীদের আয়ের মধ্যে বিদ্যমান বড় বৈষম্যের চিত্র তুলে ধরেছে। তাদের পরিসংখ্যানে আরো দেখা গেছে, ২০২৬ এর প্রথম তিন মাসে দেশটিতে কাজে যুক্ত আছে মোট ৪ লাখ ৭৮ হাজার ৭০৭ জন। আর বীমাভুক্ত প্রবাসী কর্মীর মধ্যে ৩ লাখ ৩৯ হাজার ৪৭২ জন, অর্থাৎ ৭০ শতাংশ কর্মী মাসে ২০০ দিনারের নিচে আয় করেন। প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী কর্মীদের মাত্র ৪ দশমিক ৬ শতাংশের মাসিক আয় ১ হাজার দিনার বা তার বেশি।
সৌদি আরব
সৌদিতে শেয়ার করা বাসাবাড়ি নিয়ে কড়া সতর্কতা
সৌদিতে শেয়ার করা আবাসন নিয়ে কড়া সতর্কতা দিয়েছে দেশটির মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড আবাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় এমন বাসাবাড়ির মালিক ও পরিচালনাকারীদের হালনাগাদ স্বাস্থ্য ও নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, বাসিন্দাদের নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত থাকা সংশ্লিষ্টদের দায়িত্ব। নতুন নির্দেশনায় বলা হয়েছে, জরুরি বহির্গমন পথ ও ফায়ার এক্সিট সব সময় খোলা রাখতে হবে। সেখানে লাইট থাকা, কারেন্ট চলে গেলে অটো চালু হওয়া ব্যাকআপ লাইট এবং ভেতর থেকে সহজে খোলা যায় এমন দরজার ব্যবস্থা থাকতে হবে।পাশাপাশি অগ্নিনির্বাপণ ও অগ্নি শনাক্তকরণ ব্যবস্থার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এছাড়া ভবনের করিডর, সিঁড়ি বা জরুরি বহির্গমন পথে কোনো ধরনের জিনিসপত্র রাখা যাবে না এবং অনুমোদিত ধারণক্ষমতার বেশি বাসিন্দা রাখাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণত এসব বাসাবাড়িতে প্রবাসী কর্মীরাই বেশি থাকেন। এসব নিরাপত্তা বিধি শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং দুর্ঘটনা প্রতিরোধ এবং বাসিন্দাদের জীবন সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বিচারকের আসনে বসবে এবার এআই
আমিরাতের কোর্টে এবার বিচারকের আসনে বসেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। এর মাধ্যমে বিচারিক কার্যক্রমের গতি বাড়ানো, সিদ্ধান্তের নির্ভুলতা নিশ্চিত করা এবং বিভিন্ন মামলার নিষ্পত্তিতে একই ধরনের মান বজায় রাখাই মূল লক্ষ্য। আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি কাউন্সেলর ইউসুফ সাঈদ আল আবরির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, আগামী সেপ্টেম্বর থেকে প্রকল্পটির প্রথম ধাপ শুরু হবে। এরপর ধাপে ধাপে প্রায় ১৮ মাস ধরে পুরো বিচার ব্যবস্থায় এটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে পুরো বিচারিক কার্যক্রমজুড়ে এই প্ল্যাটফর্ম বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আমিরাতের বিচার ব্যবস্থাকে আরো আধুনিক, দ্রুত ও নির্ভুল করতে বিশ্বের প্রথম সমন্বিত এআই জুডিশিয়াল প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে আবুধাবি জুডিশিয়াল ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এনাবলমেন্টের সহযোগিতায় গড়ে তোলা এই প্ল্যাটফর্মে বিচারিক ও আইনি সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে। তবে পুরো প্রক্রিয়াজুড়ে মানুষের তত্ত্বাবধান ও চূড়ান্ত যাচাই বাধ্যতামূলক থাকবে।
কুয়েত
কুয়েতে মাত্র ২ দিনারের জন্য খুন, বিচারে কুয়েতির জেল
কুয়েতে মাত্র ২ কুয়েতি দিনারের কেনাকাটার মূল্য পরিশোধ না করে পালানোর চেষ্টা করতে গিয়ে এক মুদি দোকানের কর্মীর মৃত্যুর ঘটনায় এক কুয়েতি নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের নথি অনুযায়ী, ঘটনাটি আল মুথলা এলাকায় ঘটে। অভিযুক্ত ব্যক্তি দোকান থেকে কেনাকাটা শেষে মূল্য পরিশোধ না করেই গাড়ি নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দোকানের এক কর্মী তাকে থামানোর চেষ্টা করলে অভিযুক্ত গাড়ির গতি কমাননি। ফলে ওই কর্মী গাড়ির সঙ্গে প্রায় ৩০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হন এবং গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তদন্তে আদালত জানতে পারে, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও চুরি ও মাদকসংক্রান্ত একাধিক অপরাধের রেকর্ড ছিল। ঘটনার গুরুত্ব এবং অভিযুক্তের পূর্ব অপরাধের ইতিহাস বিবেচনায় নিয়ে আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড দেন। এই রায়কে কুয়েতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।
logo-1-1740906910.png)