Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের ভিসা বাতিলের গুজব, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৯:৫৫

আমিরাতের ভিসা বাতিলের গুজব, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকা কিছু প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিল হয়ে যাওয়ার অভিযোগের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই নিয়ে খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। 

দূতাবাস জানিয়েছে, ছুটি বা অন্য কারণে আমিরাতের বাইরে থাকা কয়েকজন বাংলাদেশি অভিযোগ করেছেন, কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের রেসিডেন্সি ভিসা বাতিল হয়েছে। তবে এ বিষয়ে এখনো আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টির প্রকৃত কারণ জানতে ইউএই কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ করছে। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সরকারি মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে দূতাবাস সতর্ক করে বলেছে, সরকারি লোগো, জাতীয় পতাকা ও দূতাবাসের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তাই যাচাই না করা কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার না করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশি প্রবাসীদের আমিরাতের আইন-কানুন মেনে চলা এবং শুধু দূতাবাস ও সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

Logo