Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৮ জুলাই ২০২৬

বাহরাইনে বাড়তি বিদ্যুৎ বিল, বিস্তর অভিযোগ বাসিন্দাদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৮:৫০

বাহরাইনে বাড়তি বিদ্যুৎ বিল, বিস্তর অভিযোগ বাসিন্দাদের

বাহরাইন

বাহরাইনে বাড়তি বিদ্যুৎ বিল, বিস্তর অভিযোগ বাসিন্দাদের

বাহরাইনে জুন মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে বিস্ময়ে পড়েছেন অনেক বাসিন্দা। গত বছরের একই সময়ে যেখানে অনেক পরিবারের বিদ্যুৎ বিল ছিল ৭০ থেকে ৯০ বাহরাইনি দিনার, সেখানে এবার একই ধরনের ব্যবহার থাকা সত্ত্বেও অনেকের বিল প্রায় ২০০ দিনারে পৌঁছেছে। বিষয়টি নিয়ে নর্দার্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ সাদ আল দোসেরি সংশ্লিষ্ট নাগরিক বাসিন্দাদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন। তিনি বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং একাধিক পরিবার একই ধরনের অভিযোগ জানিয়েছে। এমনকি মাত্র তিন সদস্যের একটি পরিবারও প্রায় ২০০ দিনারের বিল পরিশোধ করতে হয়েছে, যা বিলের হিসাবকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বাসিন্দাদের মধ্যে কারেন্ট বিল বৃদ্ধির কারণ নিয়ে নানা আলোচনা থাকলেও কোনো ব্যাখ্যাই এখন পর্যন্ত সন্তোষজনক নয়। তাই বিদ্যুৎ বিল কীভাবে গণনা করা হচ্ছে, বিদ্যুতের ট্যারিফ, মিটার রিডিং পদ্ধতি বা বিলিং ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা; এসব বিষয়ে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন আল দোসেরি।


সৌদি আরব

সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা প্রতিহত

সৌদি আরবের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো ড্রোন হামলার চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করেছে। হামলায় কোনো হতাহত বা তেল স্থাপনার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনগুলো ইরাকভিত্তিক ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী থেকে ছোড়া হয়েছিল।

এদিকে, সৌদিকে লক্ষ্য করে ছোড়া ড্রোনের এই আক্রমণের প্রতিবাদ জানিয়েছে জিসিসিভুক্ত দেশগুলো। বাহরাইন জানিয়েছে, সৌদিকে লক্ষ্য করে এই আক্রমণ বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি। এদিকে, এই ঘটনার প্রতিবাদ করে কুয়েত বলেছে, এই হামলা সৌদির সার্বভৌমত্বের লঙ্ঘন। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এমন হামলার নিন্দা জানানোর আহ্বান জানিয়ে বলেছে, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা শুধু সৌদি আরব নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্যও হুমকি। একই সঙ্গে দেশটি নিজেদের ভূখণ্ড, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে গৃহকর্মী নিয়োগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

আমিরাতে গৃহকর্মী নিয়োগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের প্রথম ছয় মাসে ৪২টি লাইসেন্সপ্রাপ্ত নিয়োগ অফিসকে জরিমানা করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মী নিয়োগ খাতে নজরদারি জোরদার, আইন বাস্তবায়ন এবং নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে আইন লঙ্ঘনের জন্য ১৩৫টি জরিমানা করা হয়েছে, যার মধ্যে ১০৬টিই ছিল নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ ফি, সম্পূর্ণ বা আংশিক ফেরত না দেওয়ার ঘটনা। আইনে বলা হয়েছে, কোনো গৃহকর্মীকে নিয়োগ অফিসে ফেরত দেওয়া হলে বা কর্মস্থল ছেড়ে চলে যাওয়ার অভিযোগ করা হলে দুই সপ্তাহের মধ্যে নিয়োগকর্তার প্রাপ্য অর্থ ফেরত দিতে হবে। কিন্তু অনেক অফিস এই বাধ্যবাধকতা মানেনি।এছাড়া আরো ২৯টি লঙ্ঘন ছিল গৃহকর্মী নিয়োগসংক্রান্ত অনুমোদিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ১৩৮টি লাইসেন্সপ্রাপ্ত গৃহকর্মী নিয়োগ অফিস কার্যক্রম পরিচালনা করছে। 


কুয়েত

কুয়েতে নকল পণ্যবিরোধী অভিযান, বন্ধ হলো দোকানপাট

কুয়েতে আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে নকল পোশাক বিক্রির অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০টি নকল ব্র্যান্ডের পোশাক জব্দ করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে গুদামটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তা সুরক্ষা বিভাগের পরিদর্শকরা একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখতে পান, গুদামটিতে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের লোগো ব্যবহার করে তৈরি নকল পোশাক আসল পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্য ক্রেতাদের কাছে আসল ব্র্যান্ডের পোশাক বলে বিক্রি করা হচ্ছিল, যা ট্রেডমার্ক আইন এবং ভোক্তা সুরক্ষা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানে মোট ১ হাজার ৫৫০টি নকল ব্র্যান্ডের পোশাক জব্দ করা হয়। প্রাথমিক তদন্ত শেষে গুদামটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জব্দ করা পণ্যগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত জিম্মায় রাখা হয়েছে। নকল বা ভেজাল পণ্য উৎপাদন, সংরক্ষণ কিংবা বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Logo