Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৭ জুলাই ২০২৬

বাহরাইনে সিসি ক্যামেরায় দুই এশিয়ানের কাণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৫:৪৪

বাহরাইনে সিসি ক্যামেরায় দুই এশিয়ানের কাণ্ড

বাহরাইন

বাহরাইনে সিসি ক্যামেরায় দুই এশিয়ানের কাণ্ড 

বাহরাইনে সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুই এশিয়ান কর্মীর পণ্যের গায়ের এক্সপায়ারি ডেট ঘষামাজার দৃশ্য। তাতেই পুলিশের জালে আটকে গেছেন তারা। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, ঘটনাটি প্রথম সামনে আসে রাজধানীর একটি বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের এক কর্মী এবং একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের আরেক কর্মী মিলে ক্লিনিং পণ্যের বোতলে থাকা আসল মেয়াদোত্তীর্ণের তারিখ মুছে ফেলে নতুন তারিখ লাগিয়ে সেগুলো আবার বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তের সময় নিরাপত্তা ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট স্থানে অভিযান চালিয়ে এমন বেশ কিছু পণ্য জব্দ করা হয়, যেগুলোর আসল মেয়াদোত্তীর্ণের তারিখ সরিয়ে ফেলা হয়েছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ আরো কিছু পণ্য এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়। তদন্ত শেষে প্রসিকিউশন দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতারণা ও ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আদালতে বিচার শুরুর নির্দেশ দেয়। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না।

সৌদি আরব

সৌদির আবহাওয়া থাকবে উথালপাথাল 

সৌদি আরবে ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত এল নিনোর কারণে সৌদির আবহাওয়া উথালপাথাল থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ফলে সতর্ক করা হয়েছে নাগরিক ও বাসিন্দাদের। এ সময় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা, বৃষ্টিপাত ও আবহাওয়ার স্বাভাবিক ধরনে পরিবর্তন দেখা দিতে পারে। তবে এর প্রভাব দেশের সব এলাকায় একই রকম হবে না। বিভিন্ন অঞ্চলে ভিন্ন মাত্রায় এর প্রভাব অনুভূত হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যা প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে সৃষ্টি হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় পরিবর্তন দেখা দেয় এবং কিছু এলাকায় অতিবৃষ্টি, আবার কোথাও খরা বা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এনসিএম জানিয়েছে, সর্বশেষ জলবায়ু বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে এল নিনো অব্যাহত রয়েছে এবং এটি ২০২৭ সালের প্রথম দিক পর্যন্ত স্থায়ী হতে পারে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ওজন কমানো ওষুধের বিরুদ্ধে পুলিশের অভিযান 

আমিরাতে অনুমোদন নেই এমন ওজন কমানো ওষুধের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবৈধভাবে পেপটাইডভিত্তিক ওজন কমানোর পণ্য বাজারজাত, প্রচার ও বিক্রির সঙ্গে জড়িত ৭১টি সোর্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইনে ওষুধের প্রচারসংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় ১৪ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ন্যাশনাল মিডিয়া অফিসে আইনি পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে স্থানীয়ভাবে নিবন্ধিত ১৪টি প্রতিষ্ঠানেও বিভিন্ন ধরনের নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। কর্তৃপক্ষ বিশেষভাবে রেটাট্রুটাইড নামে একটি পরীক্ষামূলক ইনজেকশনের কথা উল্লেখ করে জানিয়েছে, এটি এখনো গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসার জন্য অনুমোদিত নয়। তাই এ ধরনের পণ্য ব্যবহার স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া দেশজুড়ে কম্পাউন্ডিং ফার্মেসিগুলোতে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে, যাতে অনুমোদনহীন কোনো ওষুধ সরবরাহ বা বিক্রি না হয় এবং ওষুধ বিতরণে সর্বোচ্চ মান ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইডিই জনগণকে শুধু লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসি ও অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ওষুধ কেনার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতেও এ রকম অভিযান চলমান থাকবে বলে সাবধান করা হয়েছে।

ওমান

ওমানে ছবি তোলার বিষয়ে সতর্কতার পরামর্শ কর্তৃপক্ষের

ওমানে পাবলিক প্লেসে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছাড়া নিয়ে আবারো নির্দেশনা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিষ্কার করা হয়েছে নানা বিষয়াদি। ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় অন্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার অনুমতি নেওয়ার আহ্বান জানিয়েছে ওমানের টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি। ব্যাখ্যায় বলা হয়েছে, এক নারী জনসমাগমস্থলে একটি ছবি তোলার পর লক্ষ্য করেন, ছবির পেছনে আরেকজন ব্যক্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করার আগে তিনি ওই ব্যক্তির অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এর মাধ্যমে টিআরএ জানিয়েছে, অন্য কাউকে শনাক্ত করা যায়- এমন কোনো ছবি প্রকাশের আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেওয়া উচিত। আরেকটি সচেতনতামূলক বার্তায় দুই বন্ধুর কথোপকথনের মাধ্যমে তুলে ধরা হয়েছে, কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে ছবিতে থাকা ব্যক্তি এতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ব্যক্তিগত বা সংবেদনশীল পরিস্থিতির ছবি তোলা এবং অনুমতি ছাড়া অন্যের ছবি প্রকাশ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যাতে এনিয়ে পরে বিবাদ বা বিশৃঙ্খলা এড়ানো যায়। 

কুয়েত

কুয়েতে আবারো মুছে দেওয়া হয়েছে ঠিকানা

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (PACI) ৪২৫ জনের নিবন্ধিত আবাসিক ঠিকানা (রেসিডেনশিয়াল অ্যাড্রেস) সরকারি রেকর্ড থেকে বাতিল করেছে। সম্পত্তির মালিকদের দেওয়া তথ্য এবং যেসব ভবন ভেঙে ফেলা হয়েছে, সেসব ভবনের ঠিকানা বাতিলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ সরকারি গেজেট ‘কুয়েত আল-ইয়াওম’-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩০ দিনের মধ্যে নতুন আবাসিক ঠিকানা নিবন্ধন বা বিদ্যমান তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। পিএসিআই জানিয়েছে, ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সরকারি ই-সেবার অ্যাপ ‘সাহেল (Sahel)’ ব্যবহার করে নতুন ঠিকানা নিবন্ধন বা তথ্য সংশোধন করতে পারবেন। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নির্ধারিত ৩০ দিনের মধ্যে নতুন ঠিকানা নিবন্ধন না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে। একাধিক ব্যক্তির ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ ব্যক্তির সংখ্যা অনুযায়ী বাড়তে পারে।পিএসিআই নাগরিক ও প্রবাসীদের সঠিক ও হালনাগাদ আবাসিক তথ্য সংরক্ষণের আহ্বান জানিয়েছে।

Logo