Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৬ জুলাই ২০২৬

বাহরাইনে এয়ার কন্ডিশনার ও আটা চুরি, বিভিন্ন দেশের প্রবাসী গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:২১

বাহরাইনে এয়ার কন্ডিশনার ও আটা চুরি, বিভিন্ন দেশের প্রবাসী গ্রেপ্তার

বাহরাইন

বাহরাইনে এয়ার কন্ডিশনার ও আটা চুরি, বিভিন্ন দেশের প্রবাসী গ্রেপ্তার

বাহরাইন সরকার আইনশৃঙ্খলা ও ভোক্তা অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। পৃথক দুই ঘটনায় চুরির অভিযোগে দুই আরব নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সরকারি ভর্তুকির আটা অবৈধভাবে ব্যবহারের মামলায় এক এশীয় নাগরিকের আপিলের রায় ২৭ জুলাই ঘোষণা করা হবে। মামলার তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সাময়িকভাবে বন্ধ থাকা অন্য একটি বেকারির জন্য বরাদ্দকৃত সরকারি ভর্তুকির আটা অবৈধভাবে ব্যবহার করেন। এছাড়া ভোক্তা সুরক্ষা অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ওই আটা দিয়ে রুটি বানানো হয়, যা প্রচলিত আইন ও বিধিমালার লঙ্ঘন। এর আগে নিম্ন আদালত অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ড, ২৫০ বাহরাইনি দিনার জরিমানা এবং জব্দ করা আটা বাজেয়াপ্ত করার আদেশ দেন। আদালত দণ্ডবিধি অনুযায়ী কিছুটা নমনীয়তা দেখালেও কারাদণ্ড, জরিমানা ও জব্দের আদেশ বহাল রাখেন। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি ভর্তুকির অপব্যবহার রোধে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে, সাউদার্ন গভর্নরেট পুলিশ ডিরেক্টরেট এয়ার কন্ডিশনার ও কারেন্টের তার চুরির অভিযোগে দুই আরব নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশের বরাত দিয়ে জিডিএন অনলাইনের খবরে বলা হয়েছে, চুরি করা জিনিসের দাম প্রায় ৩০ হাজার বাহরাইনি দিনার।গোয়েন্দা তথ্য ও তদন্তের ভিত্তিতে অভিযুক্ত দুই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।রকর্তৃপক্ষ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। 


সৌদি আরব

সৌদিতে অভিযানে আটক ১৫ হাজার বিদেশি

সৌদি আরব আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে। গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে ১৪ হাজার ৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন আইন, ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন এবং ৩ হাজার ৯৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আরো ৩৩ জন আটক হন।কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অবৈধভাবে অবস্থানকারীদের আশ্রয় দেওয়া, পরিবহন করা, নিয়োগ দেওয়া বা লুকিয়ে রাখতে সহায়তার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

এদিকে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরো হাজারো ব্যক্তির বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া চলমান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশ বা অবস্থানে কোনো ধরনের সহায়তা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই প্রবাসীদের বৈধ ইকামা, কাজের অনুমতি এবং আবাসন-সংক্রান্ত সব নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


কুয়েত

পানির বোতল কেনায় লিমিট বহাল রাখল কুয়েত

বোতলজাত পানির কোনো সংকট নেই- এমন আশ্বাস দিয়েও একবারে সর্বোচ্চ ৫ কার্টন পানি কেনার সীমা বহাল রেখেছে কুয়েতের সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন কো-অপারেটিভ সোসাইটি ও কেন্দ্রীয় বাজারে প্রতি ক্রয় রসিদে সর্বোচ্চ পাঁচ কার্টন বোতলজাত পানি কেনার নিয়ম আগের মতোই কার্যকর থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের উদ্দেশ্য কোনো পানির সংকট মোকাবিলা নয়। বরং আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা ও মজুত ঠেকিয়ে সব ক্রেতার জন্য সমানভাবে পানির সরবরাহ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। মন্ত্রণালয় আরো জানিয়েছে, দেশের পানি উৎপাদনকারী কারখানাগুলো স্বাভাবিকভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং নিয়মিত বাজার ও কো-অপারেটিভ সোসাইটিগুলোতে সরবরাহ করা হচ্ছে। তাই পানির ঘাটতির কোনো আশঙ্কা নেই। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত পানি না কেনার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে গাড়ির ইঞ্জিন চালু রেখে বাইরে না যেতে সতর্ক করল পুলিশ

আমিরাতে গাড়ির ইঞ্জিন চালু রেখে চালকবিহীন অবস্থায় ফেলে না যাওয়ার জন্য মোটরচালকদের সতর্ক করেছে আবুধাবি পুলিশ। কর্তৃপক্ষ বলেছে, এমন অভ্যাস গাড়ি চুরি, অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। আবুধাবি পুলিশের ট্রাফিক ও নিরাপত্তা বিভাগ জানিয়েছে, অনেক চালক বাজারে কেনাকাটা, পেট্রোল স্টেশনে যাওয়া, এটিএম ব্যবহার বা নামাজ পড়ার সময় অল্প সময়ের জন্য গাড়ির ইঞ্জিন চালু রেখেই নেমে যান। এতে অপরাধীরা সহজেই গাড়ি চুরি করার সুযোগ পেতে পারে। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো বিপজ্জনক ঘটনাও ঘটতে পারে। পুলিশ বিশেষভাবে অভিভাবকদের সতর্ক করে বলেছে, কোনো অবস্থাতেই শিশু; বিশেষ করে নবজাতক বা ছোট শিশুদের ইঞ্জিন চালু থাকা গাড়ির ভেতরে একা রেখে যাওয়া উচিত নয়। এটি তাদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। কর্তৃপক্ষের পরামর্শ গাড়ি থেকে নামার আগে অবশ্যই ইঞ্জিন বন্ধ করতে হবে, চাবি সঙ্গে নিতে হবে এবং গাড়ি লক করে তবেই সেখান থেকে সরে যেতে হবে। আবুধাবি পুলিশ আরো জানিয়েছে, ফেডারেল ট্রাফিক আইন অনুযায়ী চালকবিহীন অবস্থায় ইঞ্জিন চালু রেখে গাড়ি ফেলে গেলে ৫০০ দিরহাম জরিমানা করা হবে। তাই সকল মোটরচালককে ট্রাফিক আইন মেনে নিরাপদভাবে গাড়ি ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


ওমান 

ওমানে মেয়াদোত্তীর্ণ পণ্য, সিগারেট প্যাকেট জব্দ

ওমানের কনজিউমার প্রটেকশন অথরিটি দেশটির বাজার তদারকি জোরদার করেছে। গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে ১৮ হাজারের বেশি মেয়াদোত্তীর্ণ পণ্য এবং প্রায় ৫৪ হাজার প্যাকেট তামাকজাত পণ্য ও নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে কর্তৃপক্ষ।সিপিএর সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে, মাসকাট ও আদ দাখিলিয়াহ গভর্নরেটের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। একই সময়ে দক্ষিণ আশ শারকিয়াহ ও উত্তর আল বাতিনাহ গভর্নরেটে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৫৪ হাজার প্যাকেট তামাকজাত পণ্য ও নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া ভোক্তা সুরক্ষা সংস্থা জানিয়েছে, বিভিন্ন ত্রুটি শনাক্ত হওয়ায় ২ হাজার ২৬৬টি লেক্সাস এবং ১৭৪টি বিএমডব্লিউ গাড়ি প্রত্যাহারের কার্যক্রমও শুরু করা হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৪ হাজার ওমানি রিয়ালের বেশি অর্থ ফেরত আদায় এবং ৩২ হাজার ওমানি রিয়ালের বেশি মূল্যের একটি গাড়ি বদলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত জরিমানা ও ক্ষতিপূরণের আদেশ দিয়েছে। বাজারে নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ বা নিষিদ্ধ পণ্য বিক্রি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিপিএ। 

Logo