সৌদিতে এক সপ্তাহে ১৩ হাজার অবৈধ অভিবাসী বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:১২
সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি মানুষকে বহিষ্কার করা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ হাজার ৫০০ জনের বেশি ব্যক্তি আইনি ব্যবস্থার আওতায় রয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ১১৩ জনের দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ছিল আবাসন আইন লঙ্ঘনকারীরা। এরপর রয়েছে সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন ভঙ্গকারীরা। অভিযানের সময় সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৬২৬ জনকেও আটক করা হয়েছে। তাদের মধ্যে ইথিওপিয়ার নাগরিক ছিলেন ৬২ শতাংশ, ইয়েমেনের নাগরিক ৩৭ শতাংশ এবং বাকি ১ শতাংশ ছিল অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৩৩ জনকে আটক করা হয়। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া, চাকরি দেওয়া বা গোপন করার অভিযোগে আরো ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধ সীমান্ত পারাপারে সহায়তা করলে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের ব্যবস্থা করলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্তের মুখোমুখি হতে পারে।
logo-1-1740906910.png)