ওমানে প্লাস্টিক ব্যাগ ব্যান কার্যকরে অভিযান জোরদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৯:২৮
ওমানে প্লাস্টিকের শপিং ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে বারকা এলাকায় যৌথ অভিযান চালিয়েছে দেশটির কনজিউমার প্রটেকশন অ্যান্ড এনভায়রনমেন্ট অথরিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধের পঞ্চম ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়।
অভিযানের মূল লক্ষ্য ছিল দোকানগুলো সরকারি নির্দেশনা মেনে চলছে কিনা, তা নিশ্চিত করা। যৌথ পরিদর্শনের সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়।
ওমান সরকার ধাপে ধাপে বিভিন্ন খাতে প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধ করছে। সর্বশেষ ধাপে আসবাবপত্রের দোকান, স্বর্ণ ও রুপার দোকান, গাড়ি পরিচর্যা কেন্দ্র এবং যানবাহন বিক্রয়কেন্দ্রসহ আরো বেশ কয়েকটি খাতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। প্লাস্টিক ব্যান কার্যকরের বিষয়ে এই মুহূর্তে সতর্ক থাকতে হবে ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)