মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ জুলাই ২০২৬
বাহরাইনে ডেলিভারি অ্যাপের ফি নিয়ে সংসদে নতুন প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ২০:১৪
বাহরাইন
বাহরাইনে ডেলিভারি অ্যাপের ফি নিয়ে সংসদে নতুন প্রস্তাব
বাহরাইনে খাবার ডেলিভারি অ্যাপগুলোর উচ্চ কমিশন নিয়ে এবার কঠোর অবস্থানে যাচ্ছে দেশটি। ছোট ও মাঝারি ব্যবসাকে সুরক্ষা দিতে ডেলিভারি প্ল্যাটফর্মগুলো কত কমিশন নিতে পারবে, তার একটি সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য জালিলা আলাউই। প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে অনেক ডেলিভারি অ্যাপ রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোর কাছ থেকে প্রতি অর্ডারে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো মারাত্মক আর্থিক চাপে পড়ছে। খাবারের দাম বেড়ে যাচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন কাস্টমাররা। এ পরিস্থিতিতে ডেলিভারি অ্যাপ পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন জালিলা আলাউই। সেই কাঠামোতে কমিশনের সর্বোচ্চ হার নির্ধারণের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে চুক্তির নিয়ম, অতিরিক্ত ফি আদায়ের সীমা এবং কমিশন হিসাবের পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে।
সৌদি আরব
বহুল আলোচিত চুক্তিতে সই করল সৌদি ও আমেরিকা
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সই হলো বহুল আলোচিত ১২৩ সিভিলিয়ান নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট। এই চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানি কর্মসূচি গড়ে তুলতে দুই দেশের সহযোগিতার নতুন পথ খুলে যাবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহার করে বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারবে। পাশাপাশি দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তবে এটি বাস্তবায়নের আগে দুই দেশ যৌথভাবে গবেষণা করবে এবং পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক নিরাপত্তা নীতিমালা মেনেই পরিচালিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এই চুক্তি নিয়ে উদ্বেগও রয়েছে। সমালোচকদের আশঙ্কা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতের সৈকতে পুলিশের সতর্কতা
গরমের ছুটিতে দুবাইয়ের সমুদ্রসৈকতে ভিড় বাড়ছে। এ অবস্থায় দর্শনার্থীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দুবাই পুলিশ।পুলিশ বলছে, সমুদ্রে নামার আগে আবহাওয়া ও সতর্কতা পতাকার নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। নিষিদ্ধ এলাকায় সাঁতার কাটা, শিশুদের একা পানিতে নামতে দেওয়া এবং লাইফগার্ডের নির্দেশনা অমান্য করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯ নম্বরে কল করতে বা দুবাই পুলিশের স্মার্ট অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিরাপদে সৈকত উপভোগ করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, শারজাহে গাড়ির সামনের উইন্ডশিল্ডে টিন্টেড সানশেড ব্যবহার করায় এক চালককে ২ হাজার দিরহাম জরিমানা করা হয়েছে, যা চালকের সামনের রাস্তার দৃশ্য আংশিকভাবে ঢেকে দিচ্ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, চালকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত করে এমন কোনো সানশেড, স্টিকার বা অন্য বস্তু ব্যবহার করা সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি ট্রাফিক আইন লঙ্ঘন। তাই চালকদের অনুমোদিত উপকরণ ব্যবহার এবং গাড়ির সামনের দৃশ্য পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
কুয়েত
কুয়েতে অভিযানে দোকান বন্ধ, পচা খাবার ধ্বংস
কুয়েতে অবৈধ ব্যবসা ও খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করেছে কর্তৃপক্ষ। রাজধানী কুয়েত সিটির জলিব আল শুয়ুখ ও খাইতান এলাকায় আলাদা অভিযানে শতাধিক অনিয়ম শনাক্ত করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, পাশাপাশি জব্দ ও ধ্বংস করা হয়েছে বিপজ্জনক ও মানুষের খাওয়ার অনুপযোগী খাবার। জলিব আল শুয়ুখ এলাকায় বাণিজ্যিক নিয়ম ভঙ্গের বিরুদ্ধে চালানো অভিযানে ২২৭টি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে এবং ৮টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে খাইতান এলাকায় খাবার-দাবারের দোকানে ১১টি আইন লঙ্ঘনের রিপোর্ট করা হয়। একই সঙ্গে মানুষের ব্যবহারের অনুপযোগী ৫৫ কেজি পচা খাবার জব্দ করে নির্ধারিত নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়েছে।
ওমান
ওমানে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রবাসী আটক
ওমানে জনসাধারণের নৈতিকতা ও শালীনতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদল এশীয় ও আফ্রিকান নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, দেশটির আল দাখিলিয়াহ গভর্নরেটে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে জনসাধারণের নৈতিকতা ও শালীনতা সম্পর্কিত আইন লঙ্ঘনের পাশাপাশি শ্রম আইন এবং বিদেশিদের আবাসন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে, ওমানে বসবাসরত প্রবাসীদের অবশ্যই দেশটির আইন ও নিয়ম-কানুন মেনে চলতে হবে। বৈধ কাগজপত্র ছাড়া থাকা, অনুমোদন ছাড়া কাজ করা কিংবা স্থানীয় আইন লঙ্ঘন করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
logo-1-1740906910.png)