মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ জুলাই ২০২৬
বাহরাইনে চালু হচ্ছে বড় মার্কেট, বহু কর্মসংস্থানের আশা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৫:০৪
বাহরাইন
বাহরাইনে চালু হচ্ছে বড় মার্কেট, বহু কর্মসংস্থানের আশা
বাহরাইনের ইসা টাউনে দীর্ঘ প্রতীক্ষিত আল মাকাসিস স্থানীয় মার্কেট প্রকল্পটি এখন নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারটি চালু হবে বলে আশা করা হচ্ছে। উত্তরাঞ্চলীয় মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য ড. সালমান মোহসেন আবদুল্লাহ জানিয়েছেন, প্রকল্পটি বহু বছরের অপেক্ষার পর এখন বাস্তব রূপ নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজারটি চালুর অপেক্ষায় রয়েছেন। নতুন এই বাজারে মোট ৯০টি দোকান বা স্টল থাকবে, যেখানে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। নির্মাণকাজের বেশির ভাগ অংশ সম্পন্ন হয়েছে এবং অল্প কিছু স্টলের কাজ বাকি রয়েছে বলে জানানো হয়েছে।
প্রকল্পটির কাজ তদারকি করছে উত্তরাঞ্চলীয় মিউনিসিপ্যালিটি।কর্মকর্তারা জানিয়েছেন, বাজারটি নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই মার্কেটে বহু নাগরিক ও প্রবাসী কর্মীদের কর্মসংস্থান হবে।
সৌদি আরব
সৌদিতে শুরু হলো ডিসকাউন্ট মৌসুম
সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় দেশজুড়ে একটি বিশেষ তিন মাসব্যাপী ডিসকাউন্ট মৌসুম চালুর ঘোষণা দিয়েছে। এই সময়ে দোকান ও অনলাইন ব্যবসাগুলো বিশেষ ছাড়ের অফার দিতে পারবে, যা তাদের নিয়মিত বার্ষিক ডিসকাউন্ট সময়সীমার অংশ হিসেবে গণনা হবে না। ঘোষণা অনুযায়ী, এই বিশেষ ছাড়ের সময়কাল ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক অফার ও মূল্যছাড় দিতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দোকান ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে ডিসকাউন্ট লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। অনুমোদন পাওয়ার পর তারা প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করে গ্রাহকদের জন্য ডিসকাউন্ট কার্যক্রম শুরু করতে পারবে। মন্ত্রণালয় ব্যবসায়ীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে ডিসকাউন্ট ক্যাম্পেইন পরিচালনার নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে। সৌদি চেম্বার্স ফেডারেশনও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, সৌদিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বছরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ডিসকাউন্ট ক্যাম্পেইন পরিচালনা করতে পারে। তবে নতুন এই তিন মাসের বিশেষ ডিসকাউন্ট মৌসুম ওই ৯০ দিনের বার্ষিক সীমার বাইরে থাকবে। অর্থাৎ ব্যবসায়ীরা অতিরিক্ত এই সময়েও ছাড় দিতে পারবে, তাদের নিয়মিত বরাদ্দ কমবে না।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ভাড়া নিয়ে কারসাজি, তিনজনের জেল
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ভাড়া বাসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা শেষে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা এমন একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যেটি তাদের মালিকানাধীন ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ভাড়ার বিজ্ঞাপন দিয়ে একজন ভুক্তভোগীকে ফাঁদে ফেলে তারা।
ভুক্তভোগী বিজ্ঞাপন দেখে যোগাযোগ করার পর অ্যাপার্টমেন্ট দেখতে যায় এবং ভাড়া নেওয়ার বিষয়ে এক অভিযুক্তের সঙ্গে চুক্তি করেন। এরপর তিনি ভাড়ার একটি অংশ পরিশোধ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। পরে অভিযুক্তদের একজন একটি ভুয়া ভাড়া চুক্তিপত্র পাঠিয়ে দাবি করেন, এটি নাকি বৈধ নথি। তবে ভুক্তভোগী কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে জানতে পারেন, অ্যাপার্টমেন্টটি অন্য একজনের মালিকানাধীন এবং চুক্তির তথ্যও সঠিক নয়। এরপর তিনি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। মামলার তদন্ত শেষে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়। প্রথমে নিম্ন আদালত তাদের তিন মাসের কারাদণ্ড দিয়েছিল। পরে প্রসিকিউশনের আপিলের পর শারজাহ আপিল আদালত সাজা বাড়িয়ে এক বছর কারাদণ্ড এবং বহিষ্কারের আদেশ দেন।
ওমান
ওমানে অনৈতিক কর্মকাণ্ড, বহু আটক
ওমানে আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের অভিযান চালিয়েছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। পৃথক অভিযানে একটি আন্তর্জাতিক প্রতারণা চক্র ভেঙে দেওয়া, বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথসহ মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার এবং জনশৃঙ্খলা ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নর্থ আল বাতিনাহ গভর্নরেটে দীর্ঘ তদন্তের পর একটি আন্তর্জাতিক প্রতারণা নেটওয়ার্ক শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এই অভিযান সমাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের অংশ।
এদিকে, ওমানে মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করেছেন।
কুয়েত
কুয়েতে প্রবাসীদের আগমনে বেড়ে গেছে জনসংখ্যা
কুয়েতে প্রবাসী শ্রমিক ও বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধির কারণে দেশটির জনসংখ্যা ৫৩ লাখ ছাড়িয়েছে। দেশটিতে সবচেয়ে প্রবাসীদের বেশির ভাগই ভারতীয়, মিসরীয়, বাংলাদেশি, ফিলিপিনো, সিরিয়ান ও শ্রীলঙ্কান নাগরিক। ২০২৬ সালের জুন শেষে কুয়েতের মোট জনসংখ্যা ৫৩.১ লাখে পৌঁছেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির জনসংখ্যা বেড়েছে প্রায় ১.৪ শতাংশ, অর্থাৎ নতুন করে যোগ হয়েছে প্রায় ৭৩ হাজার ৫৭০ জন মানুষ। সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে কুয়েতের জনসংখ্যা ছিল প্রায় ৫২.৩ লাখ, যা ছয় মাসের ব্যবধানে বেড়ে ৫৩.১ লাখ হয়েছে। এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে প্রবাসী জনসংখ্যা বৃদ্ধিকে উল্লেখ করা হয়েছে। বর্তমানে কুয়েতে মোট প্রবাসীর সংখ্যা প্রায় ৩৭.৪৩ লাখ, যা দেশের মোট জনসংখ্যার বড় অংশ। অন্যদিকে কুয়েতি নাগরিকের সংখ্যা প্রায় ১৫.৬৭ লাখ।
তথ্য অনুযায়ী, কুয়েতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার ১০০ জন। এছাড়া ফিলিপিনো প্রায় ২ লাখ ২৬ হাজার ৫০০ এবং পাকিস্তানি প্রায় ১ লাখ ৫ হাজার ৭০০ জন রয়েছেন।জনশক্তির ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কুয়েতের মোট কর্মশক্তির বড় অংশই বিদেশি শ্রমিক, যেখানে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ২৮ লাখ।
logo-1-1740906910.png)