Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভিসার ধরন বুঝে নিন: ই-ভিসা, ইটিএ ও ভিসা অন-অ্যারাইভাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৯

ভিসার ধরন বুঝে নিন: ই-ভিসা, ইটিএ ও ভিসা অন-অ্যারাইভাল

গ্রীষ্মকালীন ছুটিতে বিদেশ ভ্রমণের আগে ভিসার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। অনেক দেশ এখন ডিজিটাল ইমিগ্রেশন ব্যবস্থা চালু করেছে, যেখানে ই-ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং ভিসা অন অ্যারাইভাল ব্যবস্থার মাধ্যমে প্রবেশাধিকার দেওয়া হয়। গালফ নিউজের এক প্রতিবেদন বলছে, এ ধরনের ভিসা ব্যবস্থার পার্থক্য না বুঝলে বিমানবন্দরে বোর্ডিং বাতিল, সীমান্তে জটিলতা বা শেষ মুহূর্তে সমস্যায় পড়তে হতে পারে।

ভিসামুক্ত ভ্রমণে কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। সাধারণত বৈধ পাসপোর্ট থাকলেই যথেষ্ট, তবে কিছু অতিরিক্ত শর্ত থাকতে পারে।

ভিসা অন-অ্যারাইভাল:

ভিসা অন-অ্যারাইভাল হলো এমন ব্যবস্থা, যেখানে ভ্রমণকারীরা গন্তব্যে পৌঁছে বিমানবন্দর বা সীমান্তে ভিসা সংগ্রহ করেন। এতে সাধারণত ফি দিতে হয়, ছবি ও ফরম পূরণ করতে হয়। যদিও সুবিধাজনক, তবে আগাম অনুমোদনের মতো নিশ্চয়তা থাকে না।

ই-ভিসা:

ই-ভিসা হলো পূর্ণাঙ্গ ভিসা, যা অনলাইনে আবেদন করে পাওয়া যায়। ভ্রমণের আগে আবেদনকারীকে পাসপোর্টের কপি, ছবি ও প্রয়োজনীয় নথি জমা দিতে হয়। অনুমোদন ডিজিটালভাবে দেওয়া হয় এবং তা পাসপোর্টের সঙ্গে ইলেকট্রনিকভাবে যুক্ত থাকে। ভারত, মিসর ও ভিয়েতনামসহ অনেক দেশ এ ব্যবস্থা চালু করেছে।

ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ):

ইটিএ আসলে ভিসা নয়, বরং ভিসামুক্ত ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা যাচাই। এটি অনলাইনে সম্পন্ন হয় এবং দ্রুত অনুমোদন পাওয়া যায়। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের আসন্ন ইটিয়াস (ETIAS) এ ধরনের ব্যবস্থা।

মূল পার্থক্য:

- ই-ভিসা: ভ্রমণের আগে অনলাইনে পূর্ণাঙ্গ ভিসা সংগ্রহ

- ইটিএ: ভিসামুক্ত ভ্রমণকারীদের জন্য অনলাইন অনুমোদন

- ভিসা অন-অ্যারাইভাল: গন্তব্যে পৌঁছে ভিসা সংগ্রহ

ভিসার ধরন নিয়ে বিভ্রান্তি বড় সমস্যার কারণ হতে পারে। যিনি ই-ভিসা প্রয়োজন অথচ ইটিএ আবেদন করেছেন, তিনি বিমানে উঠতেই পারবেন না। আবার কেউ ভিসা অন-অ্যারাইভাল ভেবে গেছেন অথচ যোগ্য নন, তিনি সীমান্তে আটকে যেতে পারেন। এমনকি অনুমোদিত ভিসা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত ইমিগ্রেশন কর্মকর্তার হাতে থাকে।

২০২৬ সালের পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। দেশটির নাগরিকরা ১৭৩টি গন্তব্যে ভিসা ছাড়াই বা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় যেতে পারেন। তবে ভ্রমণের আগে প্রত্যেককে নিজ নিজ জাতীয়তা ও গন্তব্য অনুযায়ী ভিসার নিয়ম যাচাই করতে হবে।

Logo