সৌদি আরবে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে এক সপ্তাহে ১ হাজার ১৩১টি চোরাচালানের চেষ্টা নস্যাৎ করেছে দেশটির জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ। একই সময়ে সীমান্তরক্ষী বাহিনী (Border Guard) আসির অঞ্চলে পৃথক অভিযানে ১৭ কেজি হাশিশ ও ৭ হাজার ৫০০টি অ্যামফেটামিন ট্যাবলেট জব্দ করেছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, গেল সপ্তাহে স্থল, সমুদ্র ও বিমানবন্দর দিয়ে চোরাচালানের ১ হাজার ১৩১টি প্রচেষ্টা প্রতিরোধ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে ছিল বিভিন্ন ধরনের মাদক, নিষিদ্ধ ওষুধ, তামাকজাত পণ্য, নগদ অর্থ, অস্ত্র ও অস্ত্রের যন্ত্রাংশসহ অন্যান্য অবৈধ সামগ্রী।
অন্যদিকে, আসির অঞ্চলে সীমান্তরক্ষী বাহিনী পৃথক দুটি অভিযানে ১৭ কেজি হাশিশ এবং ৭ হাজার ৫০০টি অ্যামফেটামিন ট্যাবলেট উদ্ধার করে। এসব মাদক সৌদিতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সীমান্ত, বন্দর ও বিমানবন্দর দিয়ে মাদক এবং অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ জনগণকে মাদক বা চোরাচালান-সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে দেশটির নাগরিক বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
logo-1-1740906910.png)