কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:১০
কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন থেকে প্রবাসীদের উচ্ছেদের প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস জরুরি নির্দেশনা জারি করেছে। প্রবাসীদের আবাসনসংক্রান্ত বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা এবং চলাচলের সময় সিভিল আইডি বা বৈধ পরিচয়পত্র সব সময় সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।
কুয়েত কর্তৃপক্ষ বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এসব ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের উচ্ছেদ করেছে। পরে হাসাবিয়া এলাকার একটি সরকারি বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়। সেখানে খাদ্য, পানীয় ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধা রাখা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল আশ্রয়কেন্দ্রে গিয়ে প্রবাসীদের সার্বিক অবস্থা পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ছিলেন কাউন্সিলর ও মিশন প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রম কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর শোয়াইব-উল-ইসলাম তরফদার। তারা প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং কুয়েতি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
কুয়েতি কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ বিদেশি নাগরিকদের ফেরত পাঠানো এবং ঝুঁকিপূর্ণ ভবন খালি করার লক্ষ্যে অভিযান চলছে। ভবিষ্যতে অন্যান্য এলাকাতেও এ অভিযান অব্যাহত থাকতে পারে। বৈধ কাগজপত্রধারী প্রবাসীদের যাচাই শেষে আশ্রয়কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অবৈধ প্রবাসীদের নির্বাসন কেন্দ্রের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
উচ্ছেদে গৃহহীনরা বৈধ কাগজ দেখিয়ে সাময়িকভাবে আশ্রয়কেন্দ্রে থাকতে পারলেও সেখানে থাকাকালীন কাজ বা অন্য কোনো উদ্দেশ্যে বাইরে যেতে পারবেন না।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চলমান অভিযানের কারণে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রবাসীদের আবাসনের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখতে হবে। একই সঙ্গে বাইরে চলাচলের সময় প্রত্যেককে নিজ নিজ কুয়েতি নাগরিক পরিচয়পত্র (সিভিল আইডি) বা অন্য কোনো বৈধ নথি সব সময় সঙ্গে রাখতে হবে।
logo-1-1740906910.png)