Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ জুলাই ২০২৬

কুয়েতে উচ্ছেদ অভিযান জোরদার, বাংলাদেশ দূতাবাসের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৫:৫৪

কুয়েতে উচ্ছেদ অভিযান জোরদার, বাংলাদেশ দূতাবাসের সতর্কতা

বাহরাইন

বাহরাইনে বাসিন্দাদের ভ্রমণ সতর্কতা দিল কর্তৃপক্ষ

বিদেশে যাওয়ার আগে নাগরিক বাসিন্দাদের নিজের বাড়ি, পাসপোর্ট ও মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভ্রমণ ও নিরাপত্তা নিয়ম জেনে নিতে হবে। বাহরাইনে ফিরে আসা পর্যন্ত সতর্ক থাকতে হবে। যাত্রার আগে বাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, নিয়মিত দেখাশোনার জন্য পরিচিত কাউকে অনুরোধ করা এবং বাড়ি খালি থাকার বিষয়টি বোঝা যায়- এমন কোনো চিহ্ন না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভ্রমণকারীদের ফ্লাইট, হোটেল, যাতায়াত ব্যবস্থা ও স্বাস্থ্যবীমা আগেই প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাসপোর্টের মেয়াদ এবং প্রয়োজনীয় ভিসা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিমানযাত্রীদের ফ্লাইটের অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে এবং বোর্ডিং পাসের তথ্য, গেট নম্বর ও লাগেজের ওজন সীমা যাচাই করতে বলা হয়েছে। অন্য কারো দেওয়া কোনো পার্সেল বা ব্যাগের ভেতরের বিষয় না জেনে বহন না করার পাশাপাশি বিমানবন্দরে নিজের লাগেজ একা ফেলে না রাখার সতর্কতাও দেওয়া হয়েছে। বিদেশে অবস্থানের সময় পাসপোর্ট, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান জিনিস হোটেলে সেইফ রাখার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

 

সৌদি আরব

সৌদিতে শুরু খেজুর পাকা, গরমে দুপুরে বাইরে না যেতে সতর্কতা

সৌদি আরবে শুরু হয়েছে গ্রীষ্মের সবচেয়ে তীব্র গরমের সময়। যাকে বলা হয়ে থাকে জামরাত আল-কায়ধ। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শুরু পর্যন্ত চলে জামরাত আল-কায়ধ। প্রচণ্ড গরমের কারণে এ সময় খেজুর দ্রুত পেকে যায়। তাই স্থানীয়ভাবে এই সময়কে তাব্বাখ আল-তামর বা খেজুর পাকানোর সময় বলেও ডাকা হয়। এ সময় গরম বাতাসের সঙ্গে তাপমাত্রা অনেক বেড়ে যায়। উপকূলীয় এলাকাগুলোতে আর্দ্রতাও বেশি থাকে, ফলে গরম আরো অস্বস্তিকর হয়ে ওঠে।

১৬ জুলাই থেকে শুরু হওয়া এই সময় কয়েক সপ্তাহ ধরে চলবে। এ সময় দেশটির বেশির ভাগ এলাকায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস। এ অবস্থায় দুপুর থেকে বিকেল পর্যন্ত সরাসরি রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সৌদির জ্যোতির্বিদরা। পাশাপাশি শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে পর্যাপ্ত পানি ও অন্যান্য তরল পান করারও আহ্বান জানিয়েছেন তিনি। এতে হিট এক্সহসশন ও হিটস্ট্রোকের ঝুঁকি কমবে।

 

সংযুক্ত আরব আমিরাত

মসজিদের আশপাশে অবৈধ পার্কিং, সতর্ক করল আমিরাত পুলিশ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পুলিশ জুমার নামাজের সময় মসজিদের সামনে ও আশপাশে অবৈধভাবে যানবাহন পার্কিং না করার জন্য চালকদের সতর্ক করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলভাবে গাড়ি পার্ক করলে যানজট সৃষ্টি হয় এবং জরুরি সেবার যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। পুলিশ জানিয়েছে, অনেক চালক মসজিদের যতটা সম্ভব কাছে গাড়ি রাখার চেষ্টা করেন। এতে রাস্তা, ফুটপাত, প্রবেশ ও বের হওয়ার পথ এবং নির্ধারিত পার্কিংয়ের বাইরে যানবাহন রেখে অন্যদের চলাচলে সমস্যা তৈরি হয়। কর্তৃপক্ষ চালকদের শুধু নির্ধারিত পার্কিং স্থানে গাড়ি রাখার এবং প্রয়োজনে কিছুটা হেঁটে মসজিদে যাওয়ার আহ্বান জানিয়েছে। এতে সবার জন্য নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হবে। আবুধাবি পুলিশ আরো জানিয়েছে, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ করা হবে। যারা ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণকে ট্রাফিক নিয়ম মেনে চলা, অন্যের সুবিধার কথা বিবেচনা করা এবং মসজিদে যাওয়ার সময় দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে, যাতে জুমার নামাজের সময় কোনো ধরনের যানজট বা দুর্ঘটনার ঝুঁকি তৈরি না হয়।

 

কুয়েত

কুয়েতে উচ্ছেদ অভিযান জোরদার, বাংলাদেশ দূতাবাসের সতর্কতা

কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকাসহ ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদে সরকারি অভিযান জোরদার হওয়ায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস বলেছে, অভিযানের সময় সব প্রবাসীকে তাদের বৈধ পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত সরকার সাম্প্রতিক দুর্ঘটনার পর হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো খালি করে সেখানে বসবাসকারী বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, মিশরীয়, নেপালি ও ফিলিপিনো নাগরিকদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে। যেসব বিদেশি নাগরিকের বৈধ কাগজপত্র রয়েছে, তাদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের নিজ নিজ দেশের ডিপোর্টেশন সেন্টারের মাধ্যমে ফেরত পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করা হবে। বর্তমান পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত সব বাংলাদেশিকে আতঙ্কিত না হয়ে আইন মেনে চলার পাশাপাশি সব সময় সিভিল আইডি ও অন্যান্য বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

কাতার

শহর পরিচ্ছন্ন রাখতে কাতারে অভিযান, সরানো হলো ৭১৪৪ পরিত্যক্ত গাড়ি

কাতারে জনসাধারণের স্থান, সড়ক ও আবাসিক এলাকায় ফেলে রাখা ৭ হাজার ১৪৪টি পরিত্যক্ত যানবাহন সরিয়ে দিয়েছে দেশটির পরিত্যক্ত যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জাম অপসারণ সংক্রান্ত যৌথ কমিটি। দেশের সৌন্দর্য রক্ষা, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। কমিটির বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, অপসারণ করা যানবাহনের মধ্যে ৫ হাজার ৩৪০টি আল মাশাফ ইমপাউন্ড সেন্টারে এবং ১ হাজার ৮০৪টি উম্ম সালাল ইমপাউন্ড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, এসব যানবাহন নিষ্পত্তি ও নিলাম প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১০.৬২৩ মিলিয়ন কাতারি রিয়াল।

পরিত্যক্ত যানবাহনের বিষয়ে সাধারণ মানুষকে সহজে অভিযোগ জানানোর সুযোগ দিতে বিভিন্ন ডিজিটাল মাধ্যম চালু রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিত্যক্ত যানবাহন শুধু শহরের সৌন্দর্য নষ্ট করে না, এগুলো পরিবেশ ও জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে। এ কারণে জনগণকে নিয়ম মেনে চলার পাশাপাশি পরিত্যক্ত যানবাহনের তথ্য দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Logo