মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ জুলাই ২০২৬
বাহরাইনে প্রবাসী শ্রমিকদের সহজে আপিলের সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৫:২৭
বাহরাইন
বাহরাইনে প্রবাসী শ্রমিকদের সহজে আপিলের সুযোগ
বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি বিদেশি কর্মীদের জন্য একটি উন্নত ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে কোনো বিদেশি কর্মীর বিরুদ্ধে চাকরিচ্যুতির নোটিশ জারি করা হয়, তাহলে তিনি এখন আগের তুলনায় আরো সহজে এবং দ্রুত অনলাইনে সেই নোটিশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এই উদ্যোগটি সরকারি সেবার মান উন্নয়ন এবং সেবাকে আরো সহজ ও ডিজিটাল করার বৃহত্তর কর্মসূচির অংশ। নতুন ব্যবস্থার আওতায় কোনো কর্মীর বিরুদ্ধে চাকরি বাতিলের নোটিশ জমা দেওয়ার তারিখ থেকে ১১ কার্যদিবসের মধ্যে তিনি অনলাইনে আপিল দাখিল করতে পারবেন। সেবাটি উন্নত করার ফলে প্রশাসনিক অনুমোদনের ধাপ ২৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি সব সরকারি চ্যানেলে সেবার তথ্য একীভূত করা হয়েছে। পুরো প্রক্রিয়াকে আরো সহজ ও স্বচ্ছ করা হয়েছে। এর ফলে এখন একটি আপিলের নিষ্পত্তি মাত্র তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। এই উদ্যোগটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংস্থাটির শাসনিক দক্ষতাই বাড়াবে না, বরং প্রক্রিয়াকে সহজ করবে এবং গ্রাহকদের জন্য আরো উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই নতুন ডিজিটাল ব্যবস্থা ব্যবহারকারীদের সময় ও শ্রম সাশ্রয় করবে এবং একই সঙ্গে বাহরাইনের শ্রমবাজার ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও দক্ষ করে তুলবে।
সৌদি আরব
সৌদিতে ব্যবসা পরিবর্তন নিয়ে কিওয়াতে গুরুত্বপূর্ণ নির্দেশনা
সৌদি আরবের শ্রমবাজার প্ল্যাটফর্ম কিওয়া জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান তাদের ব্যবসার কার্যক্রম পরিবর্তন করতে চাইলে এবং সেই পরিবর্তনের কারণে কর্মীদের কাজের ধরন সংক্রান্ত নির্ধারিত নিয়ম ব্যাহত হলে আবেদন অনুমোদন করা হবে না। কিওয়া জানিয়েছে, ব্যবসার কার্যক্রম পরিবর্তনের আবেদন স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করা হয় না। প্রতিটি আবেদন সংশ্লিষ্ট কমিটি পর্যালোচনা করে শ্রমবিধি ও নির্ধারিত নিয়মের ভিত্তিতে অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। আবেদন বাতিল হলে প্রতিষ্ঠান কিওয়া প্ল্যাটফর্মের অনুরোধ বিভাগে গিয়ে প্রত্যাখ্যানের চাইতে পারবে। এছাড়া কোনো প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক নিবন্ধনে নতুন ব্যবসায়িক কার্যক্রম যুক্ত করলে এবং ওই কার্যক্রমে আগের তুলনায় বেশি সৌদিকরণ হার প্রযোজ্য হয়, তাহলে প্রতিষ্ঠানকে নতুন কার্যক্রম অনুযায়ী নির্ধারিত উচ্চতর সৌদিকরণ নিয়ম মেনে চলতে হবে। নিয়মের ফলে প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার ধরন পরিবর্তনের আগে তাদের কর্মী কাঠামো, বিদেশি কর্মীর অনুপাত এবং সৌদিকরণ সংক্রান্ত বাধ্যবাধকতা যাচাই করতে হবে।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে চালু হলো চারটি নতুন বাস রুট
দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আগামী ১৭ জুলাই থেকে নতুন ৪টি পাবলিক বাস রুট চালু করছে। আর ১৩টি বিদ্যমান বাস সার্ভিসে পরিবর্তন আনছে। যাত্রীদের চলাচল আরো সহজ করা, আবাসিক এলাকা, ব্যবসায়িক অঞ্চল ও মেট্রো স্টেশনের মধ্যে সংযোগ উন্নত করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। নতুন চালু হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে Route 35, যা ইন্টারন্যাশনাল সিটি থেকে দুবাই সিলিকন ওয়েসিস পর্যন্ত চলবে। Route 85 আল কোজের আল খাইল গেট থেকে দুবাই ইন্টারনেট সিটি মেট্রো স্টেশন পর্যন্ত যাবে। এছাড়া Route 37A ও Route 37B ইন্টারন্যাশনাল সিটি এবং দুবাই সিলিকন ওয়েসিস লেকের মধ্যে দুই দিক থেকে চলাচল করবে। ব্যস্ত সময়ে এসব রুটে প্রতি ২০ থেকে ৩০ মিনিট পরপর বাস চলবে। এর পাশাপাশি কয়েকটি পুরোনো রুটের পথ পরিবর্তন করা হচ্ছে। যেমন, Route 67 এখন আল ঘুবাইবা বাস স্টেশনের পরিবর্তে ওউদ মেথা বাস স্টেশনে শেষ হবে, যাতে মেট্রো গ্রিন লাইনের সঙ্গে সংযোগ আরো ভালো হয়। Route 84-এর শেষ গন্তব্যও পরিবর্তন করে ইনস্যুরেন্স মার্কেট বাস স্টপ করা হচ্ছে। মেট্রো লিংক বাস সার্ভিসেও পরিবর্তন আনা হচ্ছে। Route F06 নাদ শাম্মা পর্যন্ত বাড়ানো হবে, F29 উম্মে শেইফ এলাকায় যাবে, F36 আল বারশা সাউথ ২ পর্যন্ত সম্প্রসারিত হবে এবং F47 জেবেল আলী ইন্ডাস্ট্রিয়াল এলাকার স্টাফ আবাসন এলাকায় চলবে।
কুয়েত
কুয়েতে নকল পণ্যের বিরুদ্ধে অভিযান জোরদার
কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাজারে নকল পণ্য, বাণিজ্যিক প্রতারণা এবং ভুয়া ব্র্যান্ডের পণ্য বিক্রি বন্ধে ব্যাপক পরিদর্শন অভিযান শুরু করতে যাচ্ছে। এর লক্ষ্য হলো ভোক্তাদের সুরক্ষা দেওয়া এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের মেধাস্বত্ব রক্ষা করা।
মন্ত্রণালয় জানিয়েছে, পরিদর্শন দলগুলো বিভিন্ন দোকান, বাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়মিত পর্যবেক্ষণ করবে। যেসব প্রতিষ্ঠান নকল ব্র্যান্ডের পণ্য বিক্রি বা মজুত করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিভিন্ন অভিযানে কুয়েতে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে নকল পোশাক, জুতা, ব্যাগ, ঘড়ি ও আন্তর্জাতিক ব্র্যান্ডের লোগো ব্যবহার করা বিভিন্ন সামগ্রী ছিল। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নকল পণ্য শুধু ভোক্তাদের আর্থিক ক্ষতি করে না, বরং আসল ব্র্যান্ডের সুনাম ও ব্যবসায়িক অধিকার ক্ষতিগ্রস্ত করে। ফলে কুয়েতে প্রবাসী বাংলাদেশি যারা ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত তাদের সতর্ক থাকা উচিত।
ওমান
ওমানের সড়কে স্ট্যান্ট, তিনজনকে ধরল পুলিশ
ওমানের উত্তর আল বাতিনা গভর্নরেটের পুলিশ সোহার এলাকায় ট্রাফিক আইন ভঙ্গ ও জননিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে তিনজন নাগরিককে গ্রেপ্তার করেছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজন অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বেপরোয়া আচরণ এবং জনসাধারণের রাস্তায় বিপজ্জনক স্ট্যান্ট ও ড্রিফটিং করছিলেন।
পুলিশ জানিয়েছে, ওই ঘটনার সময় সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তি পুরো বিষয়টি ভিডিও করেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি শনাক্ত করে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে। কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের বিপজ্জনক ড্রাইভিং শুধু চালকের নিজের জন্য নয়, বরং অন্যান্য সড়ক ব্যবহারকারীদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলে। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ওমানে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে বেপরোয়া ড্রাইভিং ও ড্রিফটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, ওমানের আল উস্তা গভর্নরেটের হাইমা এলাকায় একটি গুরুতর সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। গত ১৪ জুলাই মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। কারো পরিচয় জানা যায়নি।
logo-1-1740906910.png)