মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ জুলাই ২০২৬
ভিসা ফুরালে সৌদি না ছাড়লে ৫০ হাজার রিয়াল জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৯:৪৮
বাহরাইন
বাহরাইনে মাদককাণ্ডে দুই পাকিস্তানির বিচার শুরু
বাহরাইনের মানামায় অভিনব কায়দায় মাদক চোরাচালান করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে দুই পাকিস্তানি। এই দুই পাকিস্তানি তাদের গাড়িতে রাখা বেশ কয়েকটি মোজার ভেতর গাঁজা চোরাচালানের সাথে যুক্ত ছিল। মানামা পুলিশ জানিয়েছে, এই দুই পাকিস্তানি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। তারা চলতি পথে রেড লাইট অমান্য করে গাড়ি টান দিলে পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে। পুলিশ জানিয়েছে, এই দুই পাকিস্তানি বেকার হলেও তারা বাহরাইনে গাঁজা ও অন্যান্য ভয়ংকর মাদক আমদানি, সংরক্ষণ, প্রচার এবং বিক্রি করত। পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আরো মাদক উদ্ধার করা হয়। বিচারে অভিযুক্তরা জানিয়েছে, তারা বাহরাইনজুড়ে সক্রিয় একটি মাদক চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন। জিজ্ঞাসাবাদে তারা আর্থিক লাভের উদ্দেশ্যে মাদক নিজের কাছে রাখা ও বিক্রির কথা স্বীকার করেছে। বাহরাইনে মাদক চোরাকারবারির শাস্তি মারাত্মক, ফলে মাদক থেকে দূরে থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
সৌদি আরব
ভিসা ফুরালে সৌদি না ছাড়লে ৫০ হাজার রিয়াল জরিমানা
সৌদি সরকার বিভিন্ন দেশের প্রবাসীদের ভিসা লঙ্ঘনের বিষয়ে কড়া বার্তা দিয়েছে। বিদেশি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছাড়তে হবে সৌদি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে থেকে গেলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নিজ দেশে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে সৌদি সরকার অবৈধদের বিরুদ্ধে জোরদার অভিযানও শুরু করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে অভিযানে ১৫ হাজার ৪৩০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ৭ হাজার ৯১৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৩৭ জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৪৮০ জন রয়েছেন। যদিও এসব অভিযোগে আটককৃতদের সিংহভাগ ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। তবু দেশটির ভিসা সংক্রান্ত ঘোষণার বিষয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
কুয়েত
কুয়েতে ডেলিভারি প্ল্যাটফর্মে নতুন নিয়ম
কুয়েত সরকার অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর জন্য নতুন নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালায় প্ল্যাটফর্মের কমিশন, বিজ্ঞাপন ও অন্যান্য চার্জসহ মোট ফি অর্ডারের মূল্যের ১৭ শতাংশের বেশি নেওয়া যাবে না। এছাড়া প্রতি অর্ডারে সর্বোচ্চ ১ কুয়েতি দিনার ডেলিভারি ফি নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব কর্মী বা যানবাহনে পণ্য সরবরাহ করলে প্ল্যাটফর্ম সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন নিতে পারবে এবং সে ক্ষেত্রে ডেলিভারি ফি আদায় করতে পারবে না। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানকে জোর করে প্ল্যাটফর্মের ডেলিভারি সেবা ব্যবহার করানো বা নিজস্ব ডেলিভারি ব্যবস্থার জন্য শাস্তি দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। ভোক্তা সুরক্ষা নিশ্চিত, সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখা এবং ডিজিটাল বাণিজ্য খাতকে নিয়ন্ত্রণে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা বুদাই জারি করা নতুন নিয়ম অনুযায়ী, সব লাইসেন্সধারী ডেলিভারি প্ল্যাটফর্মকে ১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নতুন বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নতুন বিধিমালা সরকারি গেজেটে প্রকাশের পর কার্যকর হবে।
সংযুক্ত আরব আমিরাত
দুই আমিরাতি জাহাজে আঘাত, নিহত এক ভারতীয় নাবিক
হরমুজ প্রণালী দিয়ে ওমানের জলসীমা অতিক্রম করার সময় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন ভারতীয় ও দুইজন ইউক্রেনের নাগরিক। খালিজ টাইমসের খবরে জানানো হয়েছে, আহত ছয় ভারতীয় নাবিকের মধ্যে চারজনের আঘাত গুরুতর। ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকার জাহাজ দুটি হলো আল বাহিয়াহ ও মোমবাসা বি। হামলার পর উভয় জাহাজে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ভারতের দূতাবাস এক বিবৃতিতে ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, আহতদের চিকিৎসা এবং নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আমিরাতের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ওমান
ওমানে মুদ্রাস্ফীতি, শাকসবজির দামে আগুন
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাব পড়েছে ওমানের কাঁচাবাজারে। সবচেয়ে বেশি বেড়েছে শাকসবজির দাম। শাকসবজির দাম বেড়েছে ২৩ শতাংশ। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, দেশটিতে চলতি বছরে সাত মাসে মুদ্রাস্ফীতি ২.৮ ছাড়িয়েছে। যার ফলে খাবার বিশেষ করে মাংস, ডিম, দুধ, ফল, সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। চিনি, মধু আর মিষ্টি, রুটি ও শস্যদানার দামও বেড়েছে। হোটেল রেস্তোরাঁয় খরচ বেড়েছে। তাছাড়া আসবাব ও গৃহস্থালি জিনিসপত্রের দামও বেড়েছে। তবে আশার খবর হলো মাছের দাম কমেছে। যোগাযোগ, তামাক এবং পোশাক ও জুতা বাজারে দাম গত বছরের জুনের তুলনায় অপরিবর্তিত রয়েছে। আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানি খাতের দাম খানিকটা কমেছে, যাতে খানিকটা স্বস্তি পাচ্ছেন ওমানের নাগরিক ও বাসিন্দারা।
logo-1-1740906910.png)