কুয়েতের হাসপাতালে ১০ দিনারের বেশি নগদে দেওয়া যাবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৪
কুয়েত সরকার বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন আইন জারি করেছে। এখন থেকে কোনো হাসপাতাল, ক্লিনিক বা মেডিকেল সেন্টারে ১০ কুয়েতি দিনারের বেশি অর্থ নগদে পরিশোধ করা যাবে না। এর বেশি অর্থ অবশ্যই ব্যাংক ট্রান্সফার বা অনুমোদিত ই-পেমেন্ট চ্যানেলের মাধ্যমে দিতে হবে।
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সম্প্রতি মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নং ১১০/২০২৬ জারি করেছে। এতে বলা হয়েছে, সব লাইসেন্সধারী বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী KD ১০ এর বেশি অর্থ গ্রহণ করতে হবে শুধুমাত্র ব্যাংকিং বা ই-পেমেন্টের মাধ্যমে। আইনটি প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।
যে কোনো প্রতিষ্ঠান এই নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিক্রি আইন নং ১০/১৯৭৯ অনুযায়ী, নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে এবং তদন্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পূর্ববর্তী কোনো আইন বা বিধান যদি এই সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক হয়, তা বাতিল বলে গণ্য হবে।
এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, অর্থ পাচার ও অনিয়ম রোধ করা এবং রোগীদের জন্য নিরাপদ লেনদেন ব্যবস্থা চালু করা। রোগীরা এখন চিকিৎসা খরচের বড় অংশ ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড বা অনুমোদিত ই-পেমেন্ট অ্যাপের মাধ্যমে পরিশোধ করবেন।
logo-1-1740906910.png)