কুয়েতের জালিব আল-শুয়ুখ এলাকায় একটি স্বর্ণের দোকানে অস্ত্রের মুখে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুই ডাকাতের মধ্যে একজন নিকাব পরে দোকানে প্রবেশ করে এবং হাতে থাকা পিস্তল দেখিয়ে কর্মচারীকে চুপ থাকতে বাধ্য করে। এরপর আরেক সহযোগী ওই কর্মচারীর হাত বেঁধে ফেলে।
এরপর তারা দোকানে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, যার মধ্যে ছিল স্বর্ণের চেইন, ব্রেসলেট, হার্ট-আকৃতির লকেটসহ বিভিন্ন গহনা লুট করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে সকাল ৮টার দিকে। তবে প্রায় তিন ঘণ্টা পর আরেক কর্মচারী দোকানে এসে সহকর্মীকে বাধা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডাকাতরা পালানোর জন্য একটি চুরি করা জাপানি গাড়ি ব্যবহার করে। শুধু তাই নয়, গাড়িটিতে চুরি করা নম্বরপ্লেটও লাগানো হয়েছিল, যাতে সহজে শনাক্ত করা না যায়।
ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে পুলিশ। কুয়েতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করতে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। দেশের সব গভর্নরেটের স্বর্ণের দোকান এবং সীমান্ত চেকপোস্টে ডাকাতদের পরিচয় ও লুট হওয়া স্বর্ণালঙ্কারের বিবরণ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আশা, ডাকাতদের খুব শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।
logo-1-1740906910.png)