Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে বেতন না পেলে শ্রমিকরা জানাতে পারবে অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২২:৪৮

দুবাইয়ে বেতন না পেলে শ্রমিকরা জানাতে পারবে অভিযোগ

আমিরাত সরকার দেশটিতে কর্মরত বেসরকারি খাতের শ্রমিকদের নতুন ও বিশেষ সেবা চালুর ঘোষণা দিয়েছে। দুবাইয়ের বেসরকারি খাতের কর্মীরা এখন থেকে DubaiNow অ্যাপের মাধ্যমে নিয়োগকর্তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন।

দুবাই ডিজিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, ’Worker’s Voice’ নামে নতুন এই সেবাটি দুবাই পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে কর্মীরা বেতন না পাওয়া, কর্মপরিবেশের সমস্যা, শ্রমিকদের আবাসনের অবস্থা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ অনলাইনে জমা দিতে পারবেন। ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি একাধিক কর্মী চাইলে যৌথ অভিযোগও করতে পারবেন। আগে এসব অভিযোগ জানাতে বিভিন্ন সেবা কেন্দ্রে যেতে হতো।

তবে এখন DubaiNow অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ডিজিটালভাবে অভিযোগ করা যাবে। দুবাই ডিজিটাল আরো জানিয়েছে, DubaiNow হলো দুবাই সরকারের একীভূত সেবা প্ল্যাটফর্ম, যেখানে ৩৫টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫০টির বেশি সেবা পাওয়া যায়। নতুন এই সুবিধার মাধ্যমে শ্রমিকদের অভিযোগ দায়েরের প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে।

Logo