Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ জুলাই ২০২৬

দুবাইয়ে বেতন না পেলে শ্রমিকরা জানাতে পারবে অভিযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৫:৫৩

দুবাইয়ে বেতন না পেলে শ্রমিকরা জানাতে পারবে অভিযোগ

বাহরাইন

বাহরাইনের মুহাররাকে গ্যারেজ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ

বাহরাইনের মুহাররাক মিউনিসিপ্যালিটি সতর্ক করে জানিয়েছে, সরকারি অনুমতি ছাড়া বাড়ির গ্যারেজকে রুম করা, মজলিস বা থাকার জায়গায় পরিবর্তন করা আইনের পরিপন্থি। এমনটি করলে সর্বোচ্চ ১০ হাজার বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা হতে পারে।মিউনিসিপ্যালিটি জানিয়েছে, গ্যারেজ কোনো অতিরিক্ত জায়গা নয়। এটি ভবনের অনুমোদিত নকশার গুরুত্বপূর্ণ অংশ। তাই এর ব্যবহার পরিবর্তন করতে হলে অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং অফিসের মাধ্যমে আগাম অনুমতি নিতে হবে এবং পৌরসভার নির্মাণবিধি মেনে চলতে হবে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এ ধরনের পরিবর্তন সরকারি ভূমি রেকর্ডেও স্বীকৃতি পাবে না।বাহরাইনের নির্মাণবিধি অনুযায়ী, প্রতিটি আবাসিক বাড়িতে অন্তত দুটি গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা থাকতে হবে। মুহাররাক এলাকায় দীর্ঘদিন ধরে পার্কিং সংকট থাকায় এই নিয়ম আরো কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভা বলছে, অবৈধভাবে গ্যারেজ পরিবর্তন করলে রাস্তায় পার্কিংয়ের চাপ আরো বেড়ে যায় এবং যানজট নিরসনের প্রচেষ্টা ব্যাহত হয়। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, গ্যারেজের জায়গায় কোনো পরিবর্তন করলে বাড়ির মালিককে গ্যারেজ আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হতে পারে। 


সৌদি আরব

বড় প্রকল্প চালুর গুজব, সতর্ক করল মন্ত্রণালয়

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি খবরের বিষয়ে সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এশিয়া মেডিকেল সিটি’ নামে একটি প্রকল্প চালুর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত তথ্যের কোনো সত্যতা নেই বলে স্পষ্ট করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘এশিয়া মেডিকেল সিটি' নামে কোনো প্রকল্প অনুমোদন করা হয়নি এবং এ বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্তও নেওয়া হয়নি। তাই এ ধরনের খবর বা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, সরকারি প্রকল্প বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে জানতে হলে শুধু সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইবিহীন তথ্য বিশ্বাস না করারও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।


সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে বেতন না পেলে শ্রমিকরা জানাতে পারবে অভিযোগ

আমিরাত সরকার দেশটিতে কর্মরত বেসরকারি খাতের শ্রমিকদের নতুন ও বিশেষ সেবা চালুর ঘোষণা দিয়েছে। দুবাইয়ের বেসরকারি খাতের কর্মীরা এখন থেকে DubaiNow অ্যাপের মাধ্যমে নিয়োগকর্তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। দুবাই ডিজিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, ’Worker’s Voice’ নামে নতুন এই সেবাটি দুবাই পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে কর্মীরা বেতন না পাওয়া, কর্মপরিবেশের সমস্যা, শ্রমিকদের আবাসনের অবস্থা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ অনলাইনে জমা দিতে পারবেন। ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি একাধিক কর্মী চাইলে যৌথ অভিযোগও করতে পারবেন। আগে এসব অভিযোগ জানাতে বিভিন্ন সেবা কেন্দ্রে যেতে হতো। তবে এখন DubaiNow অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ডিজিটালভাবে অভিযোগ করা যাবে। দুবাই ডিজিটাল আরো জানিয়েছে, DubaiNow হলো দুবাই সরকারের একীভূত সেবা প্ল্যাটফর্ম, যেখানে ৩৫টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২৫০টির বেশি সেবা পাওয়া যায়। নতুন এই সুবিধার মাধ্যমে শ্রমিকদের অভিযোগ দায়েরের প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত হবে।


কুয়েত

কুয়েতে নেকাবের আড়ালে স্বর্ণ ছিনতাইয়ের ফাঁদ

কুয়েতের জালিব আল-শুয়ুখ এলাকায় একটি স্বর্ণের দোকানে অস্ত্রের মুখে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুই ডাকাতের মধ্যে একজন নিকাব পরে দোকানে প্রবেশ করে এবং হাতে থাকা পিস্তল দেখিয়ে কর্মচারীকে চুপ থাকতে বাধ্য করে। এরপর আরেক সহযোগী ওই কর্মচারীর হাত বেঁধে ফেলে। এরপর তারা দোকানে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, যার মধ্যে ছিল স্বর্ণের চেইন, ব্রেসলেট, হার্ট-আকৃতির লকেটসহ বিভিন্ন গহনা লুট করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে সকাল ৮টার দিকে। তবে প্রায় তিন ঘণ্টা পর আরেক কর্মচারী দোকানে এসে সহকর্মীকে বাধা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ডাকাতরা পালানোর জন্য একটি চুরি করা জাপানি গাড়ি ব্যবহার করে। শুধু তাই নয়, গাড়িটিতে চুরি করা নম্বরপ্লেটও লাগানো হয়েছিল, যাতে সহজে শনাক্ত করা না যায়। ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে পুলিশ। কুয়েতের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করতে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। দেশের সব গভর্নরেটের স্বর্ণের দোকান এবং সীমান্ত চেকপোস্টে ডাকাতদের পরিচয় ও লুট হওয়া স্বর্ণালঙ্কারের বিবরণ পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আশা, ডাকাতদের খুব শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।


কাতার

কাতার থেকে এক এশীয়কে তুলে নিল আমেরিকা

কাতার সরকার সংগঠিত অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রের অনুরোধে এক এশীয় অপরাধীকে আনুষ্ঠানিকভাবে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে বিচারিক সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনি চুক্তির আওতায় এই প্রত্যর্পণ সম্পন্ন হয়েছে। অভিযুক্ত এশীয় হলেও তার বিস্তারিত পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সংগঠিত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে সে কী অপরাধ করেছে, তার বিস্তারিত জানানো হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করার পর তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে আমেরিকায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চালানো যায়। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, এক দেশে অপরাধ করে কাতারে পালিয়ে এলেও অপরাধ দমন স্বার্থে এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।

Logo