Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:২৯

আমিরাতে প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আমিরাতের উম্ম-আল কোয়াইনে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সভায় কনস্যুলেটের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

তিনি বলেন, বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা করতে হলে স্থানীয় সব ধরনের আইন, নীতি ও নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে। বিশেষ করে ফেসবুক, টিকটক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে অজান্তে কোনো স্থানীয় সাইবার আইন লঙ্ঘন না হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) শাহনাজ পারভীন, কমিউনিটি নেতা আমিরুল হক চৌধুরী এনামসহ প্রবাসী বাংলাদেশি সমাজের প্রতিনিধিরা।

সভায় কনস্যুলেটের কর্মকর্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন। পরে তাদের উত্থাপিত নানা প্রশ্নের জবাব দেন এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পরামর্শ প্রদান করেন।

Logo