Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১১ জুলাই ২০২৬

সৌদির আল বাহায় নতুন প্রকল্প, হতে পারে হাজারো প্রবাসীর চাকরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৭:২৭

সৌদির আল বাহায় নতুন প্রকল্প, হতে পারে হাজারো প্রবাসীর চাকরি

বাহরাইন

বাহরাইনে জাল সার্টিফিকেটে চাকরি, দোষী হলেন এক প্রবাসী

বাহরাইনে জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরি করায় এক প্রবাসীর ছয় মাসের জেল হয়েছে। চাকরিতে ভুয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ব্যবহার করে দেশটির একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগে এই রায় দেয় নিম্ন আদালত। আদালত রায়ে ওই প্রবাসীর ব্যবহার করা জাল সনদ জব্দ করার পাশাপাশি সাজা শেষ হওয়ার পর তাকে স্থায়ীভাবে বাহরাইন থেকে বহিষ্কারেরও নির্দেশ দিয়েছে। তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্ত ব্যক্তি শিক্ষক হিসেবে চাকরি পাওয়ার জন্য একটি জাল বিশ্ববিদ্যালয় সনদ বেসরকারি স্কুলে জমা দেন এবং সরকারি স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যেও একই সনদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। পরে দেশটির শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় সনদটি নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্ত শুরু করে। সাক্ষ্যপ্রমাণ, যাচাই প্রতিবেদন এবং যে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করা হয়েছিল তাদের সরাসরি নিশ্চিতকরণের মাধ্যমে প্রমাণিত হয়, ওই বিশ্ববিদ্যালয় কখনোই এমন কোনো সনদ ইস্যু করেনি। সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড, জাল সনদ জব্দ এবং কারাভোগ শেষে স্থায়ীভাবে দেশ থেকে বহিষ্কারের আদেশ দিয়েছে। ফলে বাহরাইনের চাকরিতে সার্টিফিকেট ব্যবহারের সময় মিথ্যা ও ভুল তথ্য দেয়া থেকে বিরত থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের। 

সৌদি আরব

সৌদির আল বাহায় নতুন প্রকল্প, হতে পারে হাজারো প্রবাসীর চাকরি 

সৌদি আরবের আল-বাহা অঞ্চলে নতুন এক বিশাল হাউজিং প্রকল্পের কাজ শুরু হয়েছে। যাতে খরচ ধরা হয়েছে, ১৬৭ কোটি রিয়াল। ১০ জুলাই দেশটির পৌরসভা ও আবাসনমন্ত্রী মাজেদ আল-হোগাইল এসব প্রকল্পের উদ্বোধন করেন এবং নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ, ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, পার্ক ও বিনোদনমূলক স্থাপনা উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প। পাশাপাশি ১৫ কোটি রিয়ালের নতুন আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সৌদি সরকার জানিয়েছে,এসব প্রকল্প দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ। আর এই প্রকল্প বাস্তবায়নের সময় হাজার হাজার প্রবাসীর কর্মসংস্থান হবে বলেও ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ৪৬ কোটি ৪০ লাখ রিয়ালের পৌর প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এছাড়া ৮৭ কোটি ৩৫ লাখ রিয়াল ব্যয়ে নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। এছাড়াও আবাসন খাতে প্রায় ১৮ কোটি ৫৭ লাখ রিয়ালের প্রকল্পও চালু করা হয়েছে। 

কুয়েত

কুয়েতে রেসিডেন্সি পারমিট দেওয়ার সংখ্যা বাড়ছে

কুয়েতে বাড়ছে প্রবাসীদের রেসিডেন্সি পারমিটের সংখ্যা। ২০২৫ সালের শেষে বৈধ রেসিডেন্সি পারমিটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১ লাখ ৬৬ হাজার, যা আগের বছরের তুলনায় এক লাখ ৪২ হাজার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বেসরকারি খাতের ওয়ার্ক পারমিট, যার সংখ্যা ১৬ লাখ ৬০ হাজারের বেশি। পাশাপাশি পারিবারিক ভিসা ও গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিটের সংখ্যাও বেড়েছে। তবে বাতিল হওয়া রেসিডেন্সি পারমিটের সংখ্যা কমে ৪৭ হাজার ২০০-তে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় প্রায় পাঁচ শতাংশ কম। তবে রেসিডেন্সি পারমিটসহ নানা ধরনের আইন ভাঙার প্রবণতা গত বছরের তুলনায় বাড়ছে। গেল ২০২৫ সালে নতুন করে ১১ হাজার ৭০০ জন আবাসন আইন লঙ্ঘনকারী বা রেসিডেন্সি ভায়োলেটর শনাক্ত হয়েছে। তবে মোট রেসিডেন্সি ভায়োলেটরের সংখ্যা টানা দ্বিতীয় বছরের মতো কমেছে। ২০২৪ সালে যেখানে এই সংখ্যা ছিল ৮১ হাজার ৫০০, সেখানে ২০২৫ সালে তা নেমে এসেছে ৮০ হাজার ৮০০ জনে। কুয়েতের সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর তথ্য অনুযায়ী, অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান ও তাদের বৈধতা নিশ্চিত করার কার্যক্রম চলমান থাকায় এই সংখ্যা কমেছে। এদিকে দেশটিতে বৈধ রেসিডেন্সি পারমিটের সংখ্যাও বেড়েছে। পরিসংখ্যান বলছে, কুয়েতে প্রবাসীদের সংখ্যা বাড়লেও অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে সরকারের অভিযান ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

ওমান

ওমানের সিবে দুই প্রবাসী আটক

ওমানের রাজধানী মাসকাটের সিব এলাকায় মাদক পাচারের অভিযোগে এশিয়ার দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের মাদক দ্রব্য বিক্রয় ও প্রতিরোধ বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ, হেরোইন, গাঁজা, হাশিশ এবং অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়, যা পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা কর‍ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং মামলার তদন্ত চলছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, দেশজুড়ে মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ফতোয়া নিয়ে এলো গুরুত্বপূর্ণ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল দেশটির বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। দেশটির ফতোয়া কাউন্সিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফতোয়ার ওপর নির্ভর না করতে বিশেষভাবে সতর্ক করেছে। কাউন্সিল বলেছে, ধর্মীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনা পেতে, শুধুমাত্র অনুমোদিত জাতীয় ফতোয়া কাউন্সিল এবং লাইসেন্সপ্রাপ্ত আলেমদের কাছ থেকেই ফতোয়া নেওয়া উচিত। এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় কাউন্সিল জানিয়েছে, ফতোয়া দেওয়া একটি বড় দায়িত্ব। তাই নাম-পরিচয়হীন অ্যাকাউন্ট, অননুমোদিত ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ধর্মীয় মতামত বা লাইসেন্সবিহীন ব্যক্তিদের দেওয়া ফতোয়ার ওপর বিশ্বাস করা উচিত নয়। কাউন্সিল আরো জানিয়েছে, সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে ফতোয়া গ্রহণ করলে সমাজের নিরাপত্তা, দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করে। তাই ধর্মীয় যে কোনো প্রশ্নে শুধু দেশের স্বীকৃত ও নির্ভরযোগ্য ফতোয়া কর্তৃপক্ষের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কাতার

কাতার নিয়ে বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও কাতারের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অটুট রয়েছে- এমনটিই জানিয়েছে কাতারের ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি। এজেন্সি আরো জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের কিছু প্রশ্ন থাকলেও তারা কাতারের অর্থনীতি, ব্যবসায়িক পরিবেশ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনার ওপর এখনো পূর্ণ আস্থা রাখছেন। সংস্থাটির মতে, শক্তিশালী অর্থনীতি, স্থিতিশীল আর্থিক ব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং বিনিয়োগবান্ধব নীতির কারণে কাতার বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখনো একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে রয়েছে। কর্মকর্তারা আরো জানান, আঞ্চলিক উত্তেজনার পরও কাতারে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত আছে। কাতার সরকার মনে করছে, দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক বৈচিত্র্য বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন পরিকল্পনার কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা আরো শক্তিশালী হবে।

Logo