Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাংলাদেশসহ সাত দেশের জন্য সহজ হলো সৌদির ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:১২

বাংলাদেশসহ সাত দেশের জন্য সহজ হলো সৌদির ভিসা

সৌদি আরব বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা চালু করেছে। এই ব্যবস্থায় আলাদাভাবে দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করার প্রয়োজন নেই। অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে একটি বুকিং করলেই বিমান টিকিট, হোটেল এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা একসঙ্গে পাওয়া যাবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরো দেশকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে বুকিং সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র পাবেন। বর্তমানে রিজারভাল ও আলমোসাফের নামের দুটি সংস্থা এই সেবা দিচ্ছে।

ভিসার মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে চার হাজার সৌদি রিয়াল। অতিরিক্ত প্রতিদিনের জন্য এক হাজার রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি রাখা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিনোদন বা পর্যটন কার্যক্রমের টিকিটও যুক্ত করতে পারবেন।

তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় ওমরাহ পালনের কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। যদিও ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা, মদিনাসহ দেশটির বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন।

ফ্লাইট বা আবাসনের বুকিং বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

সৌদি আরবের নতুন ভিসা ব্যবস্থা বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণকে আরো সহজ করেছে। দূতাবাসে না গিয়ে অনলাইনে বুকিংয়ের মাধ্যমে ভিসা পাওয়া যাবে, যা সময় ও ঝামেলা কমাবে। তবে ওমরাহ সেবা অন্তর্ভুক্ত না থাকায় ধর্মীয় ভ্রমণকারীদের আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

Logo